প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:১০ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ১৯:১১ পিএম
বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালে কাছ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ। ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালনের পর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। এ সময় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অনুষ্ঠিত হয় ‘মহাপরিচালকের বিদায়ী দরবার’।
এতে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি অংশ নেন। দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকেও কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
দুপুর ১২টায় অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কর্মকর্তারা বিদায়ী মহাপরিচালকের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তার বক্তব্যে দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নিজ দপ্তরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। পরে অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সদর দপ্তর ত্যাগ করেন।
দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
নবনিযুক্ত মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করতে হবে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করে।