× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিএনপিকে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায় ভুল করেনি’, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

বিবিসি বাংলা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:৫৫ পিএম

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিএনপিকে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনো ভুল করেনি বলে মন্তব্য করেছেন হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের নোতারা। তারা বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিষয়টি বারবার প্রমাণিত হচ্ছে। সরকারের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা থাকবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু নেতারা প্রধানমন্ত্রীকে জানান যে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তারা। বিশেষ করে পূজার ছুটি ও আর্থিক অনুদান বাড়িয়ে দেওয়ায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। একজন নাগরিক হিসেবে যার যে অধিকার রয়েছে, তা নিশ্চিত করা সরকারপ্রধান হিসেবে তার দায়িত্ব।

ছুটি ও অনুদান বাড়ানোর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা নিজেরাই বলেছেন এই অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ হয়েছে, আমরা তা করেছি। আরও কিছু বিষয়ে আমরা চেষ্টা করছি। এ থেকেই প্রমাণ হয়, আমাদের সদিচ্ছা রয়েছে।”

দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। একইভাবে ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনেও ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই রাজপথে নেমেছিলেন।

সবশেষে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জাতির ক্রান্তিলগ্নে যখন আমরা ধর্মকে বিবেচনায় আনিনি, তখন অন্য কাজে কেন ধর্মকে বিবেচনা করব? দেশটা সবাই মিলে স্বাধীন করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও সবাই অংশ নিয়েছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা