সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই। ছবি: পিএমও
বাংলাদেশে জ্বালানি সরবরাহে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। বিশেষ করে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশকে সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখছে দেশটি।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই।
বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। কানাডার পক্ষ থেকে জ্বালানি খাতে সহযোগিতার প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনার কথা জানায় বাংলাদেশ।
জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করে।
জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার সম্ভাবনা
বৈঠকে কানাডার পক্ষ থেকে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। বিশেষ করে তেল ও এলএনজি সরবরাহের ক্ষেত্রে কানাডা বাংলাদেশের সম্ভাবনাময় অংশীদার হতে পারে বলে জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার কথা জানানো হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ সময় নবায়নযোগ্য জ্বালানি, খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মতো উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
কানাডার প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলার দেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহ রয়েছে। এই অর্থায়ন থেকে বাংলাদেশের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার ক্ষেত্রেও সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে কানাডা।
এ ছাড়া কৃষি খাতেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ডাল ও তৈলবীজের মতো কৃষিপণ্যের উৎপাদন এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহযোগিতার আগ্রহও প্রকাশ করে কানাডা। এ সময় আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে”।
বৈঠকের শেষ পর্যায়ে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডা সফরের আমন্ত্রণ জানান। কানাডায় বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়দের অবদানেরও প্রশংসা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কানাডার পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অজিত সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।