পাঁচ ট্রেনের অফ ডে বাতিল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২০:৪১ পিএম
প্রতীকী ছবি
দুর্গাপূজায় ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের নির্ধারিত অফ ডে (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। বাড়তি কোচ সংযোজন, ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা এবং রেলপথ ও স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদারেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা স্পেশাল-৩’ চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর চলাচল করবে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘ট্যুরিস্ট স্পেশাল-১’ ও ‘ট্যুরিস্ট স্পেশাল-২’ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবরÑ মোট ৩ দিন চলবে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ‘চট্টগ্রাম স্পেশাল-৪’ আগামী ২৪ অক্টোবর চলাচল করবে। যাত্রীচাপ সামাল দিতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। পূজায় অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের সময়সূচি ঠিক রাখা ও শিডিউল বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলপথ ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথে নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য রিলিফ ট্রেনগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান স্টেশনগুলোতে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে আগামী ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন নিশ্চিত করা হবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ের কর্মচারীদের নজরদারি এবং নিরাপত্তামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।