চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:৫২ পিএম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ফাইল ছবি
দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্য আমদানি থেকে শুরু করে সংরক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী বলেন, আমদানি করা খাদ্যশস্যের নির্ধারিত মান বজায় রেখে যথাসময়ে গন্তব্যে পৌঁছানো এবং সঠিকভাবে সংরক্ষণে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
রবিবার চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় কোনো পর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা বা খাদ্যশস্যের মান যাচাইয়ে শৈথিল্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ারি করেন তিনি।
আফরোজা খানম বলেন, আমদানি করা গমের গুণগতমান যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড অনুসরণ করে খাদ্যশস্য পরীক্ষা করতে হবে। যাতে কোনো অবস্থাতেই নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ বা সরবরাহের সুযোগ না থাকে।
তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, কাজের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার যথাযথ মূল্যায়ন করা হবে।
সাধারণ মানুষের খাদ্য চাহিদা ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যার কথা উল্লেখ করে আফরোজা খানম বলেন, দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে এবং প্রত্যেকের কাছে সময়মতো খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যেই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
খাদ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।