শিল্পকলা অ্যাকাডেমির সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত রবিবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের আদেশ অনুযায়ী, আ ন ম আয়াস ও মো. সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।
এর আগে, শনিবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ।
পরে শাহবাগ থানার উপপরিদর্শক জিয়াউল হক তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।