প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৫:৫১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১৬:০৩ পিএম
গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আ ন ম আয়াস ও মারজিয়া খন্দকার রিমি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
তাদের মধ্যে রয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াস।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি দিয়ে তা মুছে ফেলার চেষ্টা করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে আয়াসসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আ ন ম আয়াসের বয়স ২৯ বছর, সাকিবুল হাসানের ১৯, সুজন মিয়ার ১৮ এবং মারজিয়া খন্দকার রিমির ২৭ বছর। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় গ্রাফিতি বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর দেয়ালে বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।
তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায় রয়েছেন।