তাহজীবুল আনাম, কক্সবাজার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৯:৩৩ এএম
কক্সবাজারের নদী-খাল ও উপকূলীয় এলাকায় যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যই শেষ পর্যন্ত সাগরে গিয়ে পড়ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে মাছের পাশাপাশি উঠে আসছে প্লাস্টিক বর্জ্য। ধরা পড়া মাছের মুখ ও পেটেও মিলছে পলিথিন ও প্লাস্টিকের টুকরা। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সামুদ্রিক মাছ নিয়ে পরিচালিত সাম্প্রতিক গবেষণাতে উঠে এসেছে আরও ভয়ানক চিত্র; কক্সবাজার উপকূলের প্রায় ৭৭ থেকে ৮২ শতাংশ মাছের ফুলকা ও পরিপাকতন্ত্রে রয়েছে মাইক্রোপ্লাস্টিক।
গত ৫ অক্টোবর সাগরে মাছ ধরার সময় বোটে রান্নার জন্য একটি সামুদ্রিক পাঙাশ মাছ কাটেন জেলেরা। মাছটির পেটে পাওয়া যায় পলিথিনের টুকরা। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে এ অভিজ্ঞতার কথা জানান জেলে আবু জাফর। তিনি বললেন, ‘সাগরে এখন জাল ফেললেই প্লাস্টিক মিলছে। মাছের মুখ আর পেটেও প্লাস্টিক পাওয়া যাচ্ছে। মাছ কাটলেও অনেক সময় আমরা পলিথিনের টুকরা পাচ্ছি।’
শুধু একজন জেলের অভিজ্ঞতা নয়, সামুদ্রিক মাছ নিয়ে গবেষণাতেও উঠে এসেছে প্লাস্টিক দূষণের ভয়াবহ চিত্র।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) পরিবেশ, ওশানোগ্রাফি ও জলবায়ু বিভাগের বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া জানান, বঙ্গোপসাগর ও কক্সবাজার উপকূলের বিভিন্ন সামুদ্রিক মাছের ওপর পরিচালিত সাম্প্রতিক গবেষণায় প্রায় ৭৭ থেকে ৮২ শতাংশ মাছের ফুলকা ও পরিপাকতন্ত্রে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের বাণিজ্যিক মাছগুলোর প্রতিটিতেই গড়ে সাতটি বা তার বেশি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
বোরির গবেষণায় দেখা গেছে, এসব মাইক্রোপ্লাস্টিকের বড় একটি অংশ আসে সিন্থেটিক ফাইবার বা সুতা থেকে। পুরনো জাল ও কাপড় থেকে এসব কণা ছড়িয়ে পড়ে। এ ছাড়া পলিইথিলিন বা পলিথিন ব্যাগ এবং পলিপ্রোপিলিনও মাইক্রোপ্লাস্টিকের অন্যতম উৎস। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা অনেক দেশের তুলনায় বেশি বলেও জানান তিনি।
মাছের শরীরে বিষাক্ত পদার্থ
মাছের পরিপাকতন্ত্রে মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়লে তা শুধু মাছের জন্যই ক্ষতিকর নয়, এর প্রভাব খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরেও পৌঁছতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
মাহবুব-ই-কিবরিয়া বলেন, “মাছ প্লাস্টিক খেয়ে ফেললে তাদের পরিপাকতন্ত্রে বাধা সৃষ্টি হতে পারে। এতে পুষ্টি নেওয়া ব্যাহত হয়ে অপুষ্টি দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এ কারণে মাছের মৃত্যুও হতে পারে। এসব প্লাস্টিক সমুদ্রের পানি থেকে ক্যাডমিয়াম, সিসা ও নিকেলের মতো বিষাক্ত ভারী ধাতু এবং বিভিন্ন রাসায়নিক শোষণ করতে পারে। ফলে মাছের শরীরে এসব ক্ষতিকর উপাদান জমা হওয়ার আশঙ্কা থাকে। মাছের মাধ্যমে এসব দূষিত পদার্থ খাদ্যশৃঙ্খলের একপর্যায়ে মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। বিভিন্ন গবেষণায় মানুষের রক্ত, পরিপাকতন্ত্র ও টিস্যুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে, যা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে”।
খাল-নদী হয়ে সাগরে যাচ্ছে প্লাস্টিক
কক্সবাজারের নদী-খাল ও উপকূলীয় এলাকায় যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যই শেষ পর্যন্ত সাগরে গিয়ে পড়ছে বলে মনে করছেন পরিবেশকর্মীরা। সাগরে ফেলে দেওয়া মাছ ধরার পুরনো ও ছেঁড়া জাল এবং প্লাস্টিকের দড়িও মাইক্রোপ্লাস্টিক দূষণের অন্যতম উৎস।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠনের কক্সবাজার শাখার যুগ্ম আহ্বায়ক এইচএম ফরিদুল আলম শাহীন বলেন, “বাকখালী, মাতামুহুরী ও নাফ নদের তীরে গেলে দেখা যায়, টনের পর টন প্লাস্টিক বর্জ্য জমে আছে। এসব বর্জ্য নদী ও খালের মাধ্যমে সমুদ্রে গিয়ে মিশছে”।
বোরির বিজ্ঞানী মাহবুব-ই-কিবরিয়া বলেন, “জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যবহৃত ও পরিত্যক্ত জাল নিরাপদে অপসারণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে উপকূলীয় শহরগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা আধুনিকায়ন এবং রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে”।
প্রতিদিন ৩৪.৫ টন প্লাস্টিক বর্জ্য যাচ্ছে সমুদ্রে
ব্র্যাকের (BRAC) একটি বেসলাইন জরিপ অনুযায়ী, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতিদিন গড়ে ৩৪.৫ টন প্লাস্টিক বর্জ্য কক্সবাজারের সমুদ্র ও সৈকতে গিয়ে পড়ছে। সামুদ্রিক বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের জন্য এটি বড় হুমকি।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, “পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন গবেষণায় কক্সবাজারকে প্লাস্টিক দূষণের হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকার চেষ্টা করছে, একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্রমবর্ধমান ব্যবহার থেকে মানুষকে সরিয়ে আনতে। পলিথিন শপিং ব্যাগ বন্ধেও কাজ চলছে”।
ধুলা, পানি সবখানে মাইক্রোপ্লাস্টিক
প্লাস্টিক দূষণের ভয়াবহতা বিবেচনায় নিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০২ সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল। তবে কার্যত প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কখনোই বন্ধ হয়নি। ২০২৪ সালের এপ্রিল মাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য উঠে আসে।
এ গবেষণা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোতে প্রতি গ্রাম ধুলায় গড়ে ৫২টি এবং ঢাকায় প্রতি গ্রাম ধুলায় ১০৬টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। গঙ্গা ও এর উপনদীগুলোর মাধ্যমে প্রতিদিন ১০০ কোটি থেকে ৩০০ কোটি মাইক্রোপ্লাস্টিক কণা বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। যার মধ্যে রেয়নের উপস্থিতি সবচেয়ে বেশি।
২০২১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত আরেক গবেষণায় দেশের ৭৩ শতাংশ মাছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা থাকার তথ্য উঠে আসে। বাজারে পাওয়া দেশীয় মাছের ওপর গবেষণা চালিয়ে ১৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক গবেষণায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বাতাসেও অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতির কথা জানা গেছে।
২০৫০ সালে সাগরে মাছের চেয়ে প্লাস্টিক বেশি হবে
আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) তথ্য অনুযায়ী, প্লাস্টিক দূষণের কারণে প্রতি বছর প্রায় এক লাখ সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটছে। প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ২০৫০ সালে সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। এখানে নদী থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য বঙ্গোপসাগরে গিয়ে পড়ায় একদিকে সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক জমে খাদ্যশৃঙ্খল দূষিত হচ্ছে।