প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:০৪ পিএম
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার জামালপুরে বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ, কক্সবাজারে টেকনাফে অটোরিকশা-মিনিট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন এবং লালমনিরহাটে সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ হারান দুই নারী। প্রতিবেদকদের পাঠানো খবর-
বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরে বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিলক্ষিয়ার ঠাকুরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর স্ত্রী উফেজা বেগম (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪০)।
স্থানীয়রা জানান, সকালে বকশীগঞ্জ হয়ে রৌমারীগামী শান্তি পরিবহনের একটি বাস ঠাকুরপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, হেলপার মহিনউদ্দিনকে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে।
কক্সবাজার
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে ২ জন নিহতসহ চারজন আহত হয়েছেন।
সকাল ১০টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রামু দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা এলাকার কেফায়েত উল্লাহর ছেলে অটোরিকশার চালক এনায়েত উল্লাহ (২৪) ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষার পন্ডিত পাড়ার বাসিন্দা ফেরিওয়ালা সজীব আলী (২৫)।
আহতরা হলেন- হেলাল উদ্দিন, রুজিনা আক্তার, আনোয়ারা বেগম। তারা সবাই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ পরিদর্শক নুরুল আবছা বলেন, সকালে টেকনাফের কেরুনতলী এলাকায় হোয়াইক্যং স্টেশনমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুইটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত এবং ৪ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট
ভোরে হাটতে বের হয়ে দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন দুই নারী। শনিবার ভোরে লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালাপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বালাপাড়ার আজিজারের স্ত্রী জহিলা বেগম (৫৫) এবং একই এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই দুই নারী হাটতে বের হয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।