× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ হাজার টাকা নিয়ে শুরু, এখন মাসে কোটি টাকার ব্যবসা জাহিদের

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৬:০৪ পিএম

বর্তমানে মাছ চাষ, গবাদিপশু পালন ও কৃষিপণ্য উৎপাদন করেন জাহিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্তমানে মাছ চাষ, গবাদিপশু পালন ও কৃষিপণ্য উৎপাদন করেন জাহিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাকরি খুঁজেও পাননি। শেষ পর্যন্ত মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে শুরু করেন লাচ্ছা সেমাই তৈরি। সেই সেমাই এক দিনেই অনলাইনে বিক্রি হয় ১ লাখ ৮০ হাজার টাকার। ২০১৯ সালের সেই ঘটনা বদলে দেয় এস এ জাহিদের জীবনের গতিপথ।

এরপর সরিষার তেল, মরিচের গুঁড়া, ঘি ও মসলার ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে যুক্ত করেন মাছ চাষ, গবাদিপশু পালন ও কৃষিপণ্য উৎপাদন। এখন তার প্রতিষ্ঠানে কাজ করছেন শতাধিক নারী-পুরুষ। প্রতি মাসে বেচাকেনা হচ্ছে ৮০ লাখ থেকে এক কোটি টাকার পণ্য।

জয়পুরহাটে জন্ম নেওয়া জাহিদের বেড়ে ওঠা বগুড়ায়। বাবা নুরুজ্জামান সরকার পেশায় শিক্ষক, মা সুলতানা রাজিয়া। ২০০৬ সাল থেকে বগুড়ায় বসবাস করছেন তিনি। ২০১৪ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেন। এরপর চাকরির চেষ্টা করেও সফল হননি। একপর্যায়ে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন।

২০১৯ সালে করোনাকালে মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে লাচ্ছা সেমাই তৈরি করেন জাহিদ। সেমাই বিক্রির কথা ফেসবুকে প্রকাশ করেন। সাড়া মেলে অভাবনীয়। এক দিনেই অনলাইনে ১ লাখ ৮০ হাজার  টাকার সেমাই বিক্রি হয়। সেই অভিজ্ঞতা তাকে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে দেয়।

বগুড়ার লাল মরিচ ও সরিষার তেলের চাহিদাকে কাজে লাগিয়ে অনলাইনে কৃষিপণ্য বিক্রি শুরু করেন তিনি। প্রথম দিকে বিভিন্ন মানুষের কাছ থেকে পণ্য সংগ্রহ করে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। পরে নিজেই উৎপাদনের দিকে মনোযোগ দেন। সরিষার তেল, মরিচের গুঁড়া, ঘি ও বিভিন্ন মসলার পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন ও বিপণন শুরু করেন।

শাজাহানপুর উপজেলার নন্দকুল এলাকায় প্রায় ২৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন কৃষিপণ্য উৎপাদন ও বিপণনকেন্দ্র। সেখানে পুকুরে দেশি মাছ চাষ, গরু, হাঁস-মুরগি ও ছাগল পালন করা হয়। উৎপাদন করা হয় দেশি শাকসবজি ও ফল। খামারে উৎপাদিত গোবর দিয়ে তৈরি করা হয় জৈব সার। বগুড়া শহরেও রয়েছে তার ব্যবসাপ্রতিষ্ঠান।


নিজের ব্যবসাকে আরও বিস্তৃত করতে চালু করেছেন ‘ইনটেক এড কম কম বিডি’ নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। ওয়েবসাইটের পাশাপাশি তৈরি করেছেন ‘ইনটেক এগ্রো’ নামে একটি মোবাইল অ্যাপ। এসব মাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন তিনি।

জাহিদ বলেন, “আমি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এক মাস মেয়াদি প্রশিক্ষণ নিয়েছি। বেকার ছিলাম, চাকরির চেষ্টা করেও পাইনি। ছোট পরিসরে ব্যবসা শুরু করেছিলাম। করোনার সময় দেশি পণ্য নিয়ে কাজ শুরু করি। আগে অন্যদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতাম, এখন নিজেই উৎপাদন করছি। নিরাপদ ও বিষমুক্ত খাবার ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি”।

কৃষিপণ্য ব্যবসায় লাভের চেয়ে বিক্রির পরিমাণ বাড়ানোর দিকে বেশি মনোযোগী জাহিদ। তার ভাষ্য, বেশি বিক্রি করলেই বেশি লাভ হয় না। কৃষিপণ্য সীমিত মুনাফায় বিক্রি করেন তিনি। প্রতি মাসে ৮০ লাখ থেকে এক কোটি টাকার পণ্য বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে মাসে তার মুনাফা থাকে চার থেকে পাঁচ লাখ টাকা।

২০২৪ সালের ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সফল আত্মকর্মী শ্রেণিতে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার পান জাহিদ। তার প্রতিষ্ঠানে এখন শতাধিক নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।

জাহিদের লক্ষ্য, আধুনিক পদ্ধতিতে কৃষিপণ্য উৎপাদন ও বিপণন বাড়ানো। ২০৩০ সালের মধ্যে নিজের উদ্যোগে এক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা