প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৪:২৭ পিএম
আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল দুটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে
আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হওয়ার পর সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে শুক্রবার রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল দুটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, ঘটনার সময় দুই মোটরসাইকেল আরোহী সেখানে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান। পরে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেল আরোহীরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান। তবে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি। তাদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।