নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১২:২৪ পিএম
চিত্রশিল্পী এস এম সুলতান।
মাটি ও মানুষের শিল্পী হিসেবে পরিচিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অসাম্প্রদায়িক ও চিরকুমার এই শিল্পী।
পরে নড়াইল শহরের কুড়িগ্রাম-মাছিমদিয়া এলাকায় তার নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ৬টায় শিল্পীর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, সকাল ৯টায় সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সাড়ে ৯টায় দোয়া ও মোনাজাত এবং সকাল ১০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মহান এই চিত্রশিল্পীর জীবনী থেকে জানা গেছে, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর তীরে সবুজ-শ্যামল ও ছায়াঘেরা মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা মো. মেছের আলী ও মা মোছা. মাজু বিবি আদর করে তার নাম রেখেছিলেন ‘লাল মিয়া’।
এস এম সুলতানের চিত্রকর্মে বারবার উঠে এসেছে বাংলার গ্রামীণ জীবন, কৃষক, শ্রমজীবী মানুষ ও প্রকৃতির নিবিড় সম্পর্ক। তুলির আঁচড়ে তিনি ফুটিয়ে তুলেছেন মাটির গন্ধ, মানুষের শ্রম-ঘাম এবং কৃষিনির্ভর জীবনের নানা অনুষঙ্গ। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে পাট কাটা, ধান ঝাড়া, গ্রামের দুপুর, নদী পারাপার, ধান মাড়াই, মাছ ধরা, শরতের গ্রামীণ জীবন ইত্যাদি।
শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।