শারদীয় দুর্গাপূজা
রংতুলিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা। ফাইল ছবি
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর ক্ষণগণনা শুরু হচ্ছে আজ শনিবার, শুভ মহালয়ার মধ্য দিয়ে।
এ উপলক্ষে ভোরে চণ্ডীপাঠ, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ এবং বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা ও ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহালয়া শুধু দেবীপক্ষের সূচনার তিথি নয়, প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় তর্পণেরও বিশেষ দিন। সনাতন ধর্মাবলম্বীরা এদিন জল, তিল ও অন্ন উৎসর্গ করে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানান।
পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ হিসেবে মহালয়া শারদীয় দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ অংশ। প্রচলিত পৌরাণিক কাহিনী অনুযায়ী, এ তিথিতে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবতাদের সম্মিলিত শক্তিতে সৃষ্ট দেবী দুর্গা তাদের দেওয়া অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী রূপে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। নয় দিনব্যাপী যুদ্ধের পর তিনি মহিষাসুরকে পরাজিত ও বধ করেন।
মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। এ উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে মহালয়ার ঘট স্থাপন এবং বিশেষ পূজার আয়োজন করা হবে।
মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ ভোরে বিশেষ অনুষ্ঠান হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুবাশীষ কুমার বিশ্বাস সাধন জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া আজ ভোরে রমনা কালিমন্দিরেও মহালয়া উদযাপিত হবে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক মিন্টু বসু।
মহালয়া উপলক্ষে হিন্দুরা পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানাবেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যে পিত্রালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব।