তৌফিক ইমরোজ খালিদী। ছবি: সংগৃহীত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে বিকাল ৫টায় মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
লন্ডন থেকে দেশে পৌঁছানোর পর খালিদীর কফিন নেওয়া হবে তার বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে শেষবারের মতো দেখবেন। পরে দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার মরদেহ রাখা হবে। এ সময় বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরিবারের পক্ষ থেকে জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তার ছেলে এবং বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী।
তিনি বলেন, পেশাগত জীবনে বাবার কিছু আদর্শ ছিল, যেগুলোর সঙ্গে তিনি কখনও আপস করতে চাননি। তিনি বিশ্বাস করতেন, সাংবাদিকতা হওয়া উচিত সৎ, নির্ভীক ও স্বাধীন। তার কাছে সাংবাদিকতা শুধু পেশা ছিল না; এটি ছিল দায়িত্ব ও অনুরাগের জায়গা।
দায়িত্ব পালন করতে গিয়ে তার বাবাকে জীবনে অনেক কঠিন সময় পার করতে হয়েছে উল্লেখ করেন রাদ খালিদী। সেই সময়ে পাশে থাকা ব্যক্তিদের ভালোবাসা, সাহস ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী। তাকে সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।