প্রতীকী ছবি।
দেশে আবারও চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’। এ লক্ষ্যে ‘গ্রাম সরকার আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ। খসড়ায় প্রতি ওয়ার্ডে একজন প্রধান, একজন উপদেষ্টা ও ১৫ জন সদস্য নিয়ে গ্রাম সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে।
গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকের পাশাপাশি এতে কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, যুব প্রতিনিধি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে।
সম্প্রতি তৈরি করা খসড়াটির বিষয়ে মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রস্তাবিত আইন অনুযায়ী, গ্রাম সরকার ইউনিয়ন পরিষদের সহায়ক সংগঠন হিসেবে কাজ করবে। এর মেয়াদ হবে প্রথম সভা থেকে পাঁচ বছর।
১৫ সদস্যে কারা থাকবেন
খসড়ায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য হবেন গ্রাম সরকার প্রধান এবং সংরক্ষিত আসনের সদস্য হবেন উপদেষ্টা। সদস্যদের মধ্যে থাকবেন দুজন গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবক, দুজন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য- একজন পুরুষ ও একজন নারী; দুজন কৃষক এবং একজন করে নিকাহ রেজিস্ট্রার, সমবায় সমিতির সদস্য, পল্লী চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমিক, যুব প্রতিনিধি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য (যদি থাকে)।
কোনো শ্রেণির প্রতিনিধি পাওয়া না গেলে গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবকের সংখ্যা বাড়িয়ে সেই ঘাটতি পূরণের প্রস্তাব করা হয়েছে। ওয়ার্ডের ভোটার তালিকাভুক্ত ভোটারদের অন্তত ১০ শতাংশের উপস্থিতিতে হ্যাঁ-না ভোটের মাধ্যমে সদস্য নির্বাচনের বিধানও রাখা হয়েছে।
অপরাধ প্রতিরোধে থাকবে বিশেষ ভূমিকা
প্রস্তাবিত গ্রাম সরকার নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, চুরি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেবে।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট বিষয়ে ইউনিয়ন পরিষদে প্রতিবেদন দেওয়ার দায়িত্বও থাকবে তাদের।
স্থানীয় বিরোধ মীমাংসায় উদ্যোগ নেওয়ার পাশাপাশি গ্রামের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবে এ সংগঠন।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, পুষ্টি, টিকাদান, বিশুদ্ধ পানির সরবরাহ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, কৃষি উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণকে উৎসাহিত করার দায়িত্বও প্রস্তাব করা হয়েছে।
দায়িত্বে অবহেলা করলে অপসারণ
যথাযথ তদন্তের পর দায়িত্বে অবহেলা, অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার কিংবা পরপর তিনটি সভায় অনুপস্থিতির কারণে সদস্যকে অপসারণ করা যাবে।
জেলা প্রশাসক তদন্তে দায়িত্ব পালনে ব্যর্থতা, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেলে গ্রাম সরকার বাতিল করতে পারবেন। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম সরকারকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে।
উল্লেখ্য, ৬ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গ্রাম সরকার পুনর্বহালের প্রস্তাব ওঠে। বিষয়টি পরবর্তী বৈঠকে আলোচনার জন্য রাখতে বলা হয়।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭০-এর দশকে গ্রাম সরকার চালু করা হয়েছিল। পরে ২০০৩ সালে এ বিষয়ে আইন করা হলেও তা বাতিল হয়।