× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক ও অপরাধ দমনে দেশজুড়ে ১২৫টি নতুন থানা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম

মাদক ও অপরাধ দমনে দেশজুড়ে ১২৫টি নতুন থানা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, মাদক ও অপরাধে জড়িত ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর টহল বাড়ানো হচ্ছে। এ ছাড়া দেশজুড়ে ১২৫টি নতুন থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শুক্রবার ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, মাদক ও অপরাধ পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। এ বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে মাদক নিয়ন্ত্রণে সরকারি নীতির পাশাপাশি সামাজিক আন্দোলনও জোরদার করতে হবে।

মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের বাসিন্দাদের মানবেতর জীবনযাপনের প্রসঙ্গ তুলে ববি হাজ্জাজ বলেন, সেখানে মাদকসংক্রান্ত অপরাধের পাশাপাশি নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। মাদক বিক্রির অন্যতম হটস্পট হিসেবে পরিচিত ওই ক্যাম্পের বাসিন্দাদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সমাজে সংঘটিত অধিকাংশ ঘৃণ্য ও চাঞ্চল্যকর অপরাধের পেছনে মাদকের ভূমিকা রয়েছে। মাদকের প্রভাবে পারিবারিক কলহ, চুরি-ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, অবৈধ অস্ত্রের ব্যবহার, সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধ বাড়ছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে স্বজনদের হত্যার ঘটনাও ঘটছে।

তিনি আরও বলেন, মাদক এখন বহুমাত্রিক সামাজিক সংকটে পরিণত হয়েছে। ইয়াবা শহর থেকে গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ছে। এমনকি অনলাইনে অর্ডার করলেও ঘরে বসে মাদক পাওয়া যাচ্ছে।

মাদক কারবারিদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে মাদক কারবারিরা নিজেদের রাজনৈতিক পরিচয় ও অবস্থান পরিবর্তন করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। অতীতে মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত ব্যক্তিদের অনেকে এখনো মাদক কারবার, সন্ত্রাস, চাঁদাবাজি ও মব সন্ত্রাসে যুক্ত রয়েছে।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কিশোর-তরুণদের লেখাপড়া, গবেষণা, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

বিতর্কে বিজয়ী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে পরাজিত করে বিজয়ী হয় সরকারি দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, নাদিয়া শারমিন, মো. আতিকুর রহমান ও মিরাজ মাহবুব ইফতি। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের বিতার্কিকদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা