চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় শুক্রবার দেশের প্রথম ‘সাইকেল ট্র্যাকের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, সরকার নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছে। মানুষ যেন ঘর থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সরকার সেই ব্যবস্থা নিশ্চিত করবে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় শুক্রবার বেলা ১১টায় দেশের প্রথম ‘সাইকেল ট্র্যাকের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্রে জানা গেছে, নগরীর পতেঙ্গার বিমানবন্দর সড়কে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই সাইকেল ট্র্যাক।
চসিকের দাবি, এটিই বাংলাদেশের প্রথম ডেডিকেটেড সাইকেল ট্র্যাক।
নিয়মিত শারীরিক ব্যায়ামের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প নেই। বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত নানা সমস্যা দেখা দিচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। মানুষ যেন সাইকেল চালানো ও হাঁটাহাঁটির মাধ্যমে স্বস্তি ও মানসিক শান্তি পেতে পারে, সে জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সাধারণ সড়কে দ্রুতগতির অন্যান্য যানবাহনের সঙ্গে সাইকেল চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাইক্লিস্টদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই বিমানবন্দর সড়কে আলাদা এই ট্র্যাক নির্মাণ করা হয়েছে।
পর্যায়ক্রমে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। পাশাপাশি নগরবাসীর হাঁটার সুবিধার্থে বেশ কয়েকটি ‘ওয়াকিং ওয়ে’ তৈরির পরিকল্পনাও রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীকে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখতে ওয়াকিং ওয়ে ও সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকটি উন্মুক্ত করা হলো। একই প্রক্রিয়ায় নগরীর ৩৬টি খালের পাড়েও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ট্র্যাকটি দখলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, এটি অবৈধভাবে দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। এখানে শুধু সাইকেলই চলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান।