× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাক দিবস

ডাকপিয়ন সুনীলের দীর্ঘ ২৬ বছরের সঙ্গী এক বাইসাইকেল

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ০৯:২৬ এএম

ফটিকছড়ির ডাকপিয়ন সুনীল চন্দ্র ধর আজও সাইকেল চালিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ির ডাকপিয়ন সুনীল চন্দ্র ধর আজও সাইকেল চালিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে। এবারের ডাক দিবসের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। প্রযুক্তির এই যুগে ডাকঘর, ডাকপিয়ন বা ডাকহরকরা শব্দগুলো খুব প্রয়োজনীয় না হলেও একসময় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যমই ছিল ডাক। চাতক পাখির মতো দিনের পর দিন ডাকপিয়নের অপেক্ষায় থাকতেন অনেকেই। 

সেই ডাকপিয়নদের একজন চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের বারোমাসিয়া গ্রামের যতীস চন্দ্র ধরের ছেলে সুনীল। ১৯৯৮ সালে নাজিরহাট উপ ডাকঘরে ডাকপিয়ন হিসেবে কর্মজীবন শুরু করেন। এর পর দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ২৬টি বছর। 

সকালের আলো পুরোপুরি ফোটার আগে ঘরের পাশে দাঁড়িয়ে থাকা পুরনো সাইকেলটিতে হাত রাখলেন ডাকপিয়ন সুনীল চন্দ্র ধর (৫৮)। সাইকেলের রঙ অনেকটাই মলিন, কোথাও কোথাও ক্ষয়ে গেছে ধাতব অংশ। বয়সও কম নয় ২৬ বছর। তবু সাইকেলটি তার কাছে নিছক একটি যান নয়। এটি তার দীর্ঘ কর্মজীবনের সঙ্গী। 

১৯৯৮ সালে ঋণ করে সাড়ে তিন হাজার টাকায় কেনা সেই ফনিক্স সাইকেলটি এখনও প্রতিদিন তাকে নিয়ে ছুটে চলে ফটিকছড়ির পথে। তবে বয়সের ভারে আগের মতো দ্রুত প্যাডেল ঘোরাতে পারেন না। কিন্তু সকাল হলেই সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষের হাতে পৌঁছে দেন ডাক। চিঠি, নথি, সরকারি কাগজ কিংবা আইনি নোটিসÑ যা-ই থাকুক সুনীল চন্দ্র ধরের ব্যাগে, ঠিকানার মানুষটির হাতে তা পৌঁছে দেওয়াই তার দায়িত্ব। 

দীর্ঘ এই সময়ে বদলে গেছে মানুষের যোগাযোগের ধরন, বদলে গেছে ডাকপিয়নের ব্যাগের ভেতরের গল্পও। একসময় সেই ব্যাগে থাকত ব্যক্তিগত চিঠি, দূর শহর থেকে আসা প্রিয়জনের খবর, প্রেমপত্র কিংবা অপেক্ষার অবসান ঘটানো কোনো খাম। একটি চিঠির জন্য মানুষ দিনের পর দিন অপেক্ষা করত। এখন সেই ব্যাগে বেশি থাকে সরকারি চাকরির নিয়োগপত্র, আদালতের আদেশ, বিভিন্ন সরকারি-বেসরকারি দাপ্তরিক চিঠি ও আইনি নোটিস। 

হালকা হেসে সুনীল বলেন, ইদানীং বেশি আসছে বিবাহবিচ্ছেদের নোটিস ও তালাকনামা। এই একটি বাক্যেই যেন ধরা পড়ে সময়ের বদলে যাওয়া গল্প। পুরনো দিনের কথা মনে করে তিনি বলেন, আগে যখন চিঠিপত্র নিয়ে মানুষের বাড়িতে যেতাম, মানুষ আগ্রহ নিয়ে আমাদের কাছে এগিয়ে আসত। কার চিঠি এসেছে, কোথা থেকে এসেছেÑ জানার জন্য অপেক্ষা করত। চিঠি হাতে পাওয়ার পর মানুষের মুখের যে আনন্দ দেখতাম, তা এখনও মনে পড়ে।

সুনীলের ভাষায়, এখন সেই চিঠি খুব একটা আসে না। নিজের দীর্ঘ কর্মজীবনে চোখের সামনে এই পরিবর্তন দেখেছেন তিনি। তার পুরনো ফনিক্স সাইকেলটি যেন সেই পরিবর্তনেরও নীরব সাক্ষী। চিঠির যুগ বদলে গেছে। প্রযুক্তি বদলে দিয়েছে মানুষের যোগাযোগ। কিন্তু থামেনি সুনীলের সাইকেল। 

দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসে সুনীলের জীবনে আর্থিক সচ্ছলতা অবশ্য আসেনি। বিশ্ব ডাক দিবসের প্রসঙ্গ উঠতেই তার কণ্ঠে শোনা যায় আক্ষেপ। সুনীল বলেন, দিবস আসে, দিবস যায়। কিন্তু আমাদের ভাগ্য পাল্টায় না। যে বেতন পাই, তাতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির দামের বাজারে সংসার চালানো কঠিন। তারপরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে এই পদটি আঁকড়ে ধরে আছি। তিনি বলেন, সরকারের কাছে বেতন বৃদ্ধির পাশাপাশি উৎসব বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানাই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা