× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্গো ভিলেজ সংস্কার হয়নি এক বছরেও

আজিজুল ইসলাম

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২২:৫৬ পিএম

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আগুন। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আগুন। ফাইল ছবি

দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের এক বছর পূর্ণ হতে যাচ্ছে ১৮ অক্টোবর। গত বছরের এই দিনে লাগা ভয়াবহ আগুনে কার্গো কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ স্ক্যানার, যন্ত্রপাতি ও শত শত কোটি টাকার পণ্য পুড়ে যায়। 

১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেবার আগুন নিয়ন্ত্রণে এনেছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত ভবনটির সংস্কার হয়নি, বসেনি নতুন স্ক্যানারও।

প্রায় এক বছর ধরে স্ক্যানার ছাড়াই চলছে আমদানি পণ্যের শুল্কায়ন। বিপুল পরিমাণ পণ্যের প্রতিটি কার্টন বিস্তারিতভাবে পরীক্ষা করা সময়সাপেক্ষ হওয়ায় কেবল বিল অব এন্ট্রি ও কর্মকর্তাদের সরেজমিন পরীক্ষার ওপর নির্ভর করে পণ্য ছাড় করা হচ্ছে। এতে শতভাগ প্রযুক্তিনির্ভর পরীক্ষা সম্ভব হচ্ছে না এবং বৈধ পণ্যের আড়ালে অবৈধ ও নিষিদ্ধ পণ্য আসার ঝুঁকি তৈরি হয়েছে।

স্ক্যানার না থাকার এই সীমাবদ্ধতা সম্প্রতি কয়েকটি ঘটনায় স্পষ্ট হয়েছে। গত ১৯ জুলাই পূর্বতথ্যের ভিত্তিতে আমদানি কার্গোতে ফলের কার্টনের ভেতর বিশেষভাবে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে একই প্রতিষ্ঠানের আরও ১০টি চালান আসার তথ্য পাওয়া যায়। এ ছাড়া গত ৩ আগস্ট বিমানবন্দরে ২০ কেজি স্বর্ণ জব্দের ঘটনা ঘটে। ওই দিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টম হাউসের কমিশনার মশিউর রহমান জানান, নতুন স্ক্যানার কেনার প্রক্রিয়া চলছে।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার কামরুল ইসলাম বলেন, রপ্তানি গেট ও টার্মিনালে স্ক্যানার থাকলেও আমদানি কার্গোর স্ক্যানারটি পুড়ে গেছে। তার ভাষ্য, ‘প্রতিটি পণ্য কাস্টমস কর্মকর্তারা সরেজমিন পরীক্ষা করেন। স্ক্যানার না থাকলেও পণ্য পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হচ্ছে না। তবে স্ক্যানার থাকলে এ পরীক্ষা আরও সহজ হতো।’

স্ক্যানার বসতে দেরি হওয়ার কারণ হিসেবে কামরুল ইসলাম জানান, এটি বসানোর দায়িত্ব কাস্টমসের হলেও প্রয়োজনীয় অবকাঠামো, ছাদ ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে অন্য সংস্থাকে। উন্মুক্ত স্থানে এমন ব্যয়বহুল যন্ত্র স্থাপন করলে ওয়ারেন্টি ও গ্যারান্টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। 

সরকারের স্ক্যানার কেনার সামর্থ্য নেই, বিষয়টি এমন নয়; মূলত অবকাঠামোর অভাবেই তা বসানো যাচ্ছে না। তবে অস্থায়ীভাবে স্ক্যানার স্থাপনের কোনো ব্যবস্থা করা যায় কি না, তা-ও বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট একটি পক্ষের অভিযোগ, চোরাচালান ও শুল্ক ফাঁকির সুযোগ অব্যাহত রাখতে একটি প্রভাবশালী চক্র ইচ্ছাকৃতভাবে সংস্কার ও স্ক্যানার স্থাপনে ধীরগতি করছে। কার্গো ভিলেজ অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষে থাকা একটি পক্ষও এই বিলম্বের মাধ্যমে সুবিধা নিতে পারে বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে কামরুল ইসলাম দাবি করেন, স্ক্যানার স্থাপনে কেউ বাধা দিচ্ছে না। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি সূত্রের দাবি, অগ্নিকাণ্ডের পর প্রযুক্তি পুনঃস্থাপনে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। একপর্যায়ে অধিদপ্তর নিজ উদ্যোগে স্ক্যানার স্থাপনের আগ্রহ দেখালেও তা সম্ভব হয়নি। কারা এতে বাধা দিয়েছে, সে বিষয়ে সূত্রটি সুনির্দিষ্ট তথ্য দিতে রাজি হয়নি।

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘এক বছর হয়ে গেল, এখনও একটি স্ক্যানিং মেশিন বসানো সম্ভব হয়নি। পুড়ে যাওয়া ভবনও সংস্কার করা হয়নি। এটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য।’ তিনি আরও জানান, যতদূর শুনেছেন, শিগগিরই বিমানবন্দর থেকে কার্গো ভিলেজ অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে।

এসব বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদস্য (অপারেশনস) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ বলেন, বিষয়টি তার জানা নেই, তাই মন্তব্য করতে পারছেন না।

সংশ্লিষ্ট সংস্থাগুলো অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা বললেও কবে নাগাদ কার্গো ভিলেজে স্ক্যানার স্থাপন করা হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা তারা জানাতে পারেনি। ফলে প্রযুক্তিনির্ভর পণ্য পরীক্ষার ব্যবস্থা কবে ফিরবে, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়ে গেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা