ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। পরে কমিটির সদস্যদের সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর ভিশন, মিশন, জনবল, বাজেট, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
আলোচনায় কমিটির সদস্যরা বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম প্রশংসনীয় হলেও তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া এবং জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা প্রয়োজন। একই সঙ্গে প্রান্তিক নারীর ক্ষমতায়ন, গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা, শিশু সুরক্ষা কর্মকর্তা নিয়োগ, শিশুদের নৈতিক শিক্ষা ও নিরাপত্তা এবং মাদকবিরোধী সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ ছাড়া নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজারসংযোগ বাড়ানো, ডিএনএ ল্যাবরেটরির শূন্য পদ পূরণ এবং নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা সম্প্রসারণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, আন্না মিনজ , মাধবী মার্মা, ফাহিমা নাসরিন, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি অংশ নেন।
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, একাডেমি ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।