আসাদুজ্জামান সম্রাট
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২০:০৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ২০:১২ পিএম
ফাইল ছবি
সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির অবস্থান অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। কমিটির ছয়টি বৈঠকের আলোচনায় এই ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হলেও সরকারপ্রধান বা প্রধান উপদেষ্টা বাছাইয়ের শেষ ধাপ নিয়ে এখনো মতভেদ রয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে সিদ্ধান্ত হয়েছে, রাষ্ট্রপতিকে আর কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার সুযোগ রাখা হবে না।
অতীতের তত্ত্বাবধায়ক সরকার গঠনের শেষ বিকল্প হিসেবে রাষ্ট্রপতিকে সরকারপ্রধান করার যে বিধান ছিল, ২০০৬-০৭ সালের অভিজ্ঞতার পর তা নিয়ে বড় ধরনের রাজনৈতিক সংকট ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না করার বিষয়ে কমিটির সুস্পষ্ট মতামত রয়েছে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন সরকার গঠনের রাজনৈতিক টানাপোড়েন থেকে রাষ্ট্রপতির পদকে বাইরে রাখা।
কমিটি সূত্র জানায়, প্রধান উপদেষ্টা নির্বাচন এবং উপদেষ্টা পরিষদের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। প্রতি সপ্তাহে একটি করে বৈঠক করে আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সংসদে জমা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই এ-সংক্রান্ত বিল পাস করা যায়।
প্রধান উপদেষ্টা নির্বাচনে তিন ধাপের প্রস্তাব
আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামোটি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, তা মূলত ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রস্তাবের ভিত্তিতে তৈরি। এতে প্রধান উপদেষ্টা বাছাইয়ে কয়েক ধাপের রূপরেখা দেওয়া হয়েছে।
সংসদের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে স্পিকারের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি হবে। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধী দলের ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি থাকবেন। তারা দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে নাম নেবেন এবং নিজেরাও নাম বিবেচনা করতে পারবেন।
প্রথম ধাপে ঐকমত্য না হলে ‘৫+৫+২’ পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ সরকারি দল বা জোট ৫ জন, প্রধান বিরোধী দল ৫ জন এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল ২ জনের নাম প্রস্তাব করবে। সেখান থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে।
এতেও সমাধান না এলে সনদের প্রস্তাবে বিচার বিভাগের দুজন প্রতিনিধিকে (আপিল বিভাগের একজন ও হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি) যুক্ত করার কথা বলা হয়েছে। তাদের অন্তর্ভুক্ত করে গঠিত সাত সদস্যের বাছাই কমিটিতে গোপন ব্যালটে ‘র্যাংকড চয়েস’ (পছন্দক্রম) ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচিত হবেন।
প্রস্তাবিত কাঠামোতে প্রধান উপদেষ্টা চূড়ান্ত হওয়ার পর রাষ্ট্রপতি কেবল নিয়োগকারী সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে তাকে দায়িত্ব দেবেন।
উপদেষ্টার সংখ্যা ও সরকারের মেয়াদ
প্রস্তাবে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি অনধিক ১৫ জন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। তাদের পদমর্যাদা হবে যথাক্রমে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সমপর্যায়ের। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ ৯০ দিন। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচন সম্ভব না হলে আরও সর্বোচ্চ ৩০ দিন মেয়াদ বাড়ানো যাবে। নতুন সংসদ গঠন ও নতুন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই এ সরকারের মেয়াদ শেষ হবে।
তত্ত্বাবধায়ক বাতিলে লাগবে গণভোট
কমিটি সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান পুনর্বহালের উদ্যোগ নিয়েছে, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল। এর ফলে সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সংক্রান্ত বিধান এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক বিষয়ে কোনো পরিবর্তন আনতে হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের অনুমোদনের জন্য গণভোটের বাধ্যবাধকতা থাকবে। ফলে ভবিষ্যতে কোনো সংসদ চাইলেই সাধারণ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে পারবে না।
ছয় বৈঠকের অগ্রগতি
গত ৪ আগস্ট প্রথম বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। জামায়াত-এনসিপি জোট তাদের অংশের পাঁচ সদস্যের নাম না দেওয়ায় শুরু থেকেই ১২ সদস্যের এই কমিটি কাজ করছে। কমিটির প্রথম বৈঠকেই জুলাই আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধনের খসড়া চূড়ান্ত করার নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, ছাত্রসমাজসহ বিভিন্ন অংশীজনের মত নেওয়ার কথা তখন বলা হয়েছিল।
২০ সেপ্টেম্বর দ্বিতীয় বৈঠকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময় শুরু হয়। ২৬টি দলকে আমন্ত্রণ জানানো হলেও জামায়াত-এনসিপি জোট শুরু থেকেই সংবিধান সংশোধন প্রক্রিয়া থেকে নিজেদের দূরে রেখেছে। বৈঠক থেকে জুলাই সনদকে মূল ভিত্তি ধরে সংবিধান সংশোধন, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত আরও স্পষ্ট হয়।
তৃতীয় বৈঠকে সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের বিষয় আলোচনায় আসে।
কমিটির পক্ষ থেকে বলা হয়, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সংসদে দেওয়ার চেষ্টা থাকবে। চতুর্থ বৈঠকে টেলিভিশন, অনলাইন, বার্তা সংস্থা ও অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়। এ বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার, বিচার বিভাগের স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে প্রস্তাব আসে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি তখনো চূড়ান্ত হয়নি বলে কমিটির সভাপতি স্পষ্ট করেন।
পঞ্চম বৈঠকে শ্রমজীবী এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো লিখিতভাবে সংগ্রহ করে কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পরবর্তী বৈঠকে নারী নেতৃত্ব, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, বিচারক, আইনজীবী ও জুলাই সনদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মত নেওয়ার পরিকল্পনা জানানো হয়।
ষষ্ঠ বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় হয়। এই বৈঠক থেকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা এবং গণভোটের বিধান পুনর্বহালের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।