ঢাকায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কর্মসূচির চুক্তিতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদেশ থেকে দেশে ফিরে আসা অভিবাসীদের সম্মানের সঙ্গে নতুন করে জীবন শুরু করার সুযোগ দিতে সামাজিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ৩০ মাসের একটি যৌথ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ। কর্মসূচিতে জাতিসংঘের পাঁচটি সংস্থা কাজ করবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারী ও শিশু এবং বিভিন্ন সংকটের কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া অভিবাসীদের স্বাভাবিক জীবনে পুনর্বাসনে।
ঢাকায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কর্মসূচির চুক্তিতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা (ইউএন ওমেন) কর্মসূচিটি বাস্তবায়নে কাজ করবে। জাতিসংঘের মাইগ্রেশন মাল্টি-পার্টনার ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির নেতৃত্ব দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
অনুষ্ঠানে আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ বলেন, ‘অভিবাসন কোনো একমুখী প্রক্রিয়া নয়। তাই দেশে ফেরা অভিবাসীরা যেন প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা পেয়ে আবার ঘুরে দাঁড়াতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।’
তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ—সব পর্যায়ে সহায়তা বাড়িয়ে বিদেশফেরতদের টেকসইভাবে নতুন জীবন শুরু করার সুযোগ দিতে হবে। এ যৌথ কর্মসূচির মাধ্যমে জাতিসংঘের সংস্থাগুলো তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারকে সমন্বিত ও অভিবাসীবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।
ইআরডি সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী বলেন, দেশে ফিরে আসা অভিবাসী ও তাঁদের পরিবারের এমন সেবা, সুযোগ ও সহায়তা প্রয়োজন, যা তাঁদের নতুন করে জীবন গড়ে তুলতে এবং সমাজে অবদান রাখতে সহায়তা করবে। সরকার ও জাতিসংঘের সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ এ সহায়তা আরও শক্তিশালী করবে।
৩০ মাসের কর্মসূচিতে নানা সহায়তা
কর্মসূচির আওতায় বিদেশফেরত বাংলাদেশি অভিবাসীদের দীর্ঘমেয়াদে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করা হবে। সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি তাঁদের প্রয়োজন অনুযায়ী নানা ধরনের সহায়তা দেওয়া হবে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি কাজের জন্য বিদেশে গেছেন। তাঁদের মধ্যে ১০ লাখের বেশি নারী। দেশে ফিরে অনেকেই কর্মসংস্থান, প্রয়োজনীয় সেবা পাওয়া এবং বিদেশে থাকার সময়ের মানসিক চাপ মোকাবিলায় নানা সমস্যায় পড়েন। বিশেষ করে আকস্মিক বা সংকটের কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এসব সমস্যা বেশি দেখা যায়।
কর্মসূচির আওতায় সরকারি প্রতিষ্ঠান ও জেন্ডার-সংবেদনশীল নাগরিক সমাজের সংগঠনগুলোকে ঝুঁকিপূর্ণ বিদেশফেরতদের চিহ্নিত করে প্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত করতে সহায়তা দেওয়া হবে। ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আলাদা পরিকল্পনা তৈরি, সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হবে।
এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বৈষম্যমূলক সামাজিক রীতিনীতি মোকাবিলা এবং জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় ও বৈশ্বিক লক্ষ্যেও ভূমিকা
বিদেশফেরত অভিবাসীদের স্বাভাবিক জীবনে পুনর্বাসনে কর্মসূচিটি বাংলাদেশের জাতীয় লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তির ২১ নম্বর উদ্দেশ্য—মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরানো এবং টেকসইভাবে নতুন জীবন শুরু করার সুযোগ তৈরিতেও এটি ভূমিকা রাখবে।
কর্মসূচিটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে জেন্ডার সমতা, নারী ও শিশুর ক্ষমতায়ন, উৎপাদনশীল কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈষম্য কমানোর লক্ষ্য বাস্তবায়নে এটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইআরডির অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী, জাতিসংঘ উইংয়ের যুগ্মসচিব ড. কাজী শাহজাহান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।