বাসস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৭:১১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
জাতিসংঘের নেতৃত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতায় রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন অবশ্যই সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দীর্ঘসূত্রতার কারণে এই সংকট দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।ৎ
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত জাতীয় কমিটি’র দ্বিতীয় সভা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নবিষয়ক পৃথক একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইতোমধ্যেই অনেক সময় অতিবাহিত হয়েছে এবং সমস্যাটি জটিল রূপ নিয়েছে। তবে জাতিসংঘের নেতৃত্বে এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতায় এই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া সম্ভব। আমরা আশা করছি দ্রুতই এই সংকট থেকে মুক্তি পাব।”
রোহিঙ্গাদের জন্য আলাদা কোনো কারাগার নির্মাণ করা হবে কি না—সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার জানামতে রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার নির্মাণের কোনো প্রস্তাব এই মুহূর্তে সরকারের বিবেচনায় নেই।
ব্রিফিংয়ে পুলিশের ওপর জনগণের আস্থা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জনআস্থা অর্জন করেছি। জনআস্থাটা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ এবং জনআস্থাটা বহাল রাখাটা হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।”