× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকদের যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৭:০২ পিএম

ঢাকার রমনায় বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে উপদেষ্টা মাহ্দী আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার রমনায় বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে উপদেষ্টা মাহ্দী আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে সরকার থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মাহ্দী আমিন বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতি ও লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুযোগ-সুবিধা ও অবসর ভাতা বকেয়া ছিল। বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ২ হাজার কোটি টাকার ব্যবস্থা করে তা পরিশোধের উদ্যোগ নিয়েছেন। এ প্রক্রিয়ায় আগামী দিনগুলোতেও শিক্ষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষকদের মর্যাদা দেওয়ার বিষয়ে তিনি বলেন, আগে বিশ্ব শিক্ষক দিবসে মাত্র ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। বর্তমান সরকার তা বাড়িয়ে শতাধিক করেছে। আগামীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে। বিশেষ করে বিগত সরকারের সময়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানো এবং হামলা-মামলার শিকার হওয়া শিক্ষকদের উপযুক্ত মূল্যায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস ও আন্দোলনে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সরকারের সক্ষমতা ও সার্বিক পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত নীতিমালা প্রণয়ন ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর কথা জানিয়ে মাহ্দী আমিন বলেন, শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি, আন্তর্জাতিক টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষক-শিক্ষার্থীদের কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করতে হবে। শিক্ষক সমাজই রাষ্ট্রের রূপান্তর ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।

বর্তমান সরকারের পক্ষ থেকে শিক্ষক ও কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তাদের বিভিন্ন প্রস্তাব ও দাবি নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষাবান্ধব সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকর করা হবে।

শিক্ষক সমাজের অবদানের কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানসহ ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্বে শিক্ষক-কর্মচারীরা দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। শিক্ষক সমাজের দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের ফলেই আজকের গণতান্ত্রিক বাংলাদেশ।

তিনি বলেন, অতীতে অনেক শিক্ষক পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, কাঙ্ক্ষিত পদ পাননি এবং অনেকে জেল-জুলুম ও মামলার শিকার হয়েছেন।

মাহ্দী আমিন আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় থাকাকালে প্রাথমিক শিক্ষা, গণশিক্ষা, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দেশব্যাপী স্কুল-কলেজ প্রতিষ্ঠা, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের মতো উদ্যোগ নেওয়া হয়।

শিক্ষকদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এমপিও ব্যবস্থা চালু, এনটিআরসিএ গঠন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার মতো উদ্যোগও বিএনপি সরকারের সময়ে নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক-কর্মচারী নেতারা অংশ নেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদসহ অনেকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা