সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:৪১ পিএম
যমুনা সার কারখানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় বয়লারে লিকেজের কারণে চালুর ২ দিনের মাথায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। আট মাস বন্ধ থাকার পর দুদিন আগে গত সোমবার রাতে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়েছিল।
বৃহস্পতিবার ভোরের দিকে বয়লারে লিকেজ দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান কারখানাটির উৎপাদন প্রধান ফজলুল হক।
তিনি বলেন, “সার কারখানার সবকিছু সচল আছে। অ্যামোনিয়া উৎপাদন চলছে। তবে বয়লারে সামান্য সমস্যা দেখা দিয়েছে। আশা করি, এক থেকে দুই দিনের মধ্যে সমস্যাটি ঠিক করা সম্ভব হবে।”
এর আগে, গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ২৩ মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটে আবারও কারখানাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ আট মাস পর গ্যাস সংযোগ পেয়ে গত মঙ্গলবার রাতে কারখানাটিতে উৎপাদন শুরু করে।
দৈনিক ১ হাজার ৭০০ টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু হয় যমুনা সার কারখানার। তবে গত কয়েক বছর ধরে গ্যাসের স্বল্প চাপ ও যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটিতে প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন সার উৎপাদিত হচ্ছিল।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে থাকে যমুনা সার কারখানা।
ফজলুল হক জানান, স্বাভাবিক গ্যাস সরবরাহ থাকলে প্রতি মাসে কারখানাটিতে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদিত হয়। এর মধ্যে মুনাফা থাকে প্রায় ৬০ কোটি টাকা।
অন্যদিকে, উৎপাদন বন্ধ থাকলেও যন্ত্রপাতি সচল রাখতে প্রতি মাসে প্রায় ৬ কোটি টাকা গ্যাস বিল পরিশোধ করতে হয় বলেও জানান তিনি।