চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি: ফেসবুক থেকে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে দুই থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। একই আদেশে খুলশী থানার বর্তমান ওসিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে বুধবার বিকালে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে।
অন্যদিকে, খুলশী থানার বর্তমান ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রায় এক মাস ১০ দিন আগে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মো. আবদুর রহিম। এর মধ্যেই তাকে সিটিএসবিতে বদলি করা হলো।
সম্প্রতি চট্টগ্রামের আলোচিত ওয়াকিল হোসেন ওরফে ‘বগা’কে গ্রেফতারের চেষ্টা নিয়ে পুলিশের অভিযান ঘিরে নানা আলোচনা-সমালোচনা হয়। ওই ঘটনায় খুলশী থানা পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।