× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান প্রতিমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:৩১ পিএম

সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 
state minister calls united efforts uphold communal harmony

সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। state minister calls united efforts uphold communal harmony

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন।

তিনি বলেন, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করে মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাভার উপজেলা পরিষদ হলরুমে বুধবার বিকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সাভারের পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “সবার আগে বাংলাদেশ- এই চেতনাকে ধারণ করে আমরা পথ চলতে চাই। বাংলাদেশকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে শক্তি হিসেবে নিয়ে আমরা দেশ গড়তে চাই। এই দেশ আমাদের সবার; তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।”

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি। মণ্ডপগুলোতে মনিটরিং টিম গঠন এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থার কথা জানান প্রতিমন্ত্রী।

মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের এ কাজে সম্পৃক্ত করতে হবে।

কিশোরদের মাদক, অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

দুর্গাপূজার সময় ডেঙ্গু ও স্বাস্থ্যঝুঁকি কমাতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

তিনি বলেন, “আমরা যদি যার যার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুর ঝুঁকি দুটোই কমবে।”

দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ সব সময় অন্যায় ও অধিকারহরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে জনগণ ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, “আমরা যদি এক ও ঐক্যবদ্ধ থাকি, তাহলে এমন কোনো শক্তি নেই, যারা ষড়যন্ত্র করে এই দেশের ক্ষতি করতে পারে। তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

ঢাকা জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা