প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:০৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ২১:০৯ পিএম
এ নিয়ে টানা তিন মাস বাড়ল জেট ফুয়েলের দাম।
দেশে উড়োজাহাজের জ্বালানি জেট এ-১-এর দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
অক্টোবর মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট এ-১-এর দাম প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গত মাসে এ জ্বালানির দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসির নতুন আদেশ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত ১৮২ টাকা ৭১ পয়সার মধ্যে শুল্ক ও মূসক অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এক মাসের ব্যবধানে জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১-এর দামও বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে লিটারে দাম বেড়েছে ০ দশমিক ১১১২ ডলার, যা প্রায় ১০ দশমিক ৩৩ শতাংশ।
বিইআরসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার ঘোষণা করে।
কমিশন জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জেট এ-১-এর মূল্য নির্ধারণ করা হচ্ছে।
কমিশনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট, বিপিসির এলসি নিষ্পত্তিতে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ সংশ্লিষ্ট ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নিয়ে মাসভিত্তিক মূল্য সমন্বয় করা হয়।
অক্টোবরের দাম নির্ধারণে ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারের গড় প্ল্যাটস রেট এবং ওই সময়ে বিপিসির এলসি সেটেলমেন্টে ব্যবহৃত ডলারের বিনিময় হার পর্যালোচনা করা হয়েছে।
এ নিয়ে টানা তিন মাস জেট ফুয়েলের দাম বাড়ল। আগস্টে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট এ-১-এর দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১৬৫ টাকা ৬৫ পয়সায়। অক্টোবরে নতুন করে ১৭ টাকা ৬ পয়সা বাড়ায় দুই মাসে প্রতি লিটারে দাম বেড়েছে ২৩ টাকা ১৯ পয়সা।