শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার আইটিইউসি এবং আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ন্যায্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমিকের অধিকার সুরক্ষা, সামাজিক সংলাপ জোরদার এবং শোভন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করাকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এম্প্লয়ার্স (আইওই)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, আইটিইউসি ও আইওই-এর প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং শ্রমিক, নিয়োগকর্তা ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সংলাপ আইএলও রোডম্যাপ বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি, অর্জন ও যৌথ কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে সহায়ক হবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শোভন কাজ, শ্রমিক কল্যাণ ও উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায্য ও নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি শ্রমিকের অধিকার সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
আরিফুল হক চৌধুরী বলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে। পাশাপাশি বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৮৯ অনুমোদন করেছে। সামাজিক সংলাপ, বিরোধ নিষ্পত্তি ও শ্রম প্রশাসন শক্তিশালী করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সংশোধিত শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়নে এখন বাংলাদেশ শ্রম বিধিমালা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে শ্রমিকদের জন্য সরকারের অঙ্গীকারগুলোকে বাস্তব ও দৃশ্যমান উন্নয়নে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শ্রমমন্ত্রী আরও বলেন, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সক্ষমতা- দুটিই সমানতালে এগিয়ে নেওয়া সম্ভব। শিল্পে শান্তি ও টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী ত্রিপক্ষীয় সংলাপ ও সামাজিক অংশীদারিত্ব অপরিহার্য।
আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আইটিইউসি ও আইওই-এর প্রতিনিধিদের সুচিন্তিত পরামর্শকে গুরুত্ব দিয়ে সরকার যৌথভাবে কাজ করতে আগ্রহী।
সাক্ষাতে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিতের উদ্যোগের প্রশংসা করেন।
একই সঙ্গে ইপিজেডের জন্য পৃথক আইনের পরিবর্তে সার্বিক শ্রম আইনের আওতায় আনার অনুরোধ জানান তারা।
সাক্ষাতে আইটিইউসি-এর জেনারেল সেক্রেটারি লুক ট্রায়াঙ্গল, আইওই-এর ভাইস-চেয়ার কাইজার মোয়ানে, আইএলও গভর্নিং বডির সদস্য জেস ভোগট এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।