ঢাকার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বুধবার অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
রামপালের ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।
এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
ঢাকার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বুধবার অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
সূত্র জানায়, অনুমোদিত ১৩ প্রকল্পের মধ্যে ১০টি নতুন প্রকল্প, দুটি সংশোধিত প্রকল্প এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প, বস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ একনেক সদস্যরা।
একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নং জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্প।
এ ছাড়া অনুমোদন দেওয়া হয়েছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নসহ (২য় পর্যায়) আরও কয়েকটি প্রকল্প।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ, রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ, প্যারিসে ক্রয়কৃত চ্যান্সারি ভবনের সংস্কার ও আধুনিকায়ন, দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ, থানচি-রিমাকরিল সড়ক নির্মাণ এবং রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।