খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস্ কনফারেন্স রুমে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। ছবি: আনসার ভিডিপির সৌজন্যে
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত সিনিয়র কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস্ কনফারেন্স রুমে এ বিশেষ ক্লাস শুরু হয়। ৯০ মিনিটের এ সেশনে ব্যাংকের সদ্য যোগদানকৃত ২৫ জন সিনিয়র কর্মকর্তা অংশ নেন। ক্লাস শেষ হয় দুপুর ১টায়।
বিশেষ ক্লাসে গ্রামীণ অর্থনীতি সচল রাখা, ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেন, “আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্যাংকের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে”।
প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোগে যথাসময়ে ঋণ বিতরণ, দক্ষতার সঙ্গে ঋণ আদায় এবং তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাংকের চেয়ারম্যান।
এ ছাড়া সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করতে ব্যাংকিং সহায়তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।
ক্লাসের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, “ব্যাংকের সেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আর্থিক সেবা সম্প্রসারণে কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে”।
দক্ষ, সৎ ও জনবান্ধব ব্যাংকার তৈরির মাধ্যমে তৃণমূল পর্যায়ে আধুনিক ব্যাংকিং সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়।