প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২২:৫২ পিএম
এয়ারবাসের একটি উড়োজাহাজ। ছবি: সংগৃহীত
বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার। এজন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে বুধবার চুক্তি সই হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর একটি হোটেলে বুধবার ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে চুক্তি সই অনুষ্ঠান হবে। তবে ১০টি উড়োজাহাজ কিনতে মোট কত অর্থ ব্যয় হবে, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি বিমান কিংবা এয়ারবাস।
প্রস্তাবিত চুক্তির আওতায় এয়ারবাস থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে প্রশস্ত কাঠামোর এ৩৫০-৯০০ উড়োজাহাজ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং সরু কাঠামোর এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সালে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
এয়ারবাসের সঙ্গে চুক্তির আগে চলতি বছর মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। গত ৩০ এপ্রিল প্রথম দফায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ।
এরপর গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়। এর মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩১ সালে। সব উড়োজাহাজ পেতে সময় লাগতে পারে ১১ থেকে ১২ বছর। চুক্তি সই হলেও উড়োজাহাজগুলোর পুরো মূল্য এখনই পরিশোধ করতে হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সরবরাহের সময় পর্যায়ক্রমে প্রতিটি উড়োজাহাজের মূল্য পরিশোধ করা হবে। বিমান কর্তৃপক্ষ অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে সরবরাহের অনুরোধ জানিয়েছে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে ১৪টি বোয়িং এবং পাঁচটি ড্যাশ-৮। বিমানের বর্তমান বহরের দুটি উড়োজাহাজ প্রায় অচল হয়ে পড়ার অবস্থায় রয়েছে। অন্য উড়োজাহাজগুলোরও একটি বড় অংশ আগামী কয়েক বছরের মধ্যে বহর থেকে বাদ পড়ার কথা। এ কারণে তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরও ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার চেষ্টা করছে বিমান।
এয়ারবাসের ১০টি এবং বোয়িংয়ের চুক্তিবদ্ধ ২৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫টি। বর্তমান ১৯টির সঙ্গে এগুলো যুক্ত হলে ভবিষ্যতে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়াবে। বিমানের তথ্য অনুযায়ী, নতুন ৩৫টি উড়োজাহাজের মধ্যে ১৯টি হবে প্রশস্ত কাঠামোর এবং ১৬টি সরু কাঠামোর। এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হলে প্রথমবারের মতো মার্কিন ও ইউরোপীয়Ñ দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বহর পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।