মৎস্য অধিদপ্তরের পঞ্চম তলার সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতে সরকারের বাজেটের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
তিনি বলেন, শুধু মৎস্য উৎপাদন বাড়ালেই হবে না; দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের সুষম ব্যবস্থাপনা, মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ ও সম্প্রসারণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্ব দিতে হবে। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও আগ্রহ নিয়ে কাজ করতে হবে।
মৎস্য অধিদপ্তরের পঞ্চম তলার সম্মেলন কক্ষে মঙ্গলবার ‘মৎস্য খাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের কার্যকর ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য খাতে সমন্বিত উন্নয়ন এবং বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন ও আয় বৃদ্ধি সম্ভব। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা যাবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালেহউদ্দিন টুকু বলেন, প্রান্তিক পর্যায়ে অনেক তরুণ মৎস্য উদ্যোক্তা তৈরি হচ্ছেন। তাদের কার্যক্রম তদারকিতে মৎস্য কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক মৎস্য চাষ ও খাল খনন কর্মসূচির মাধ্যমে মাছের উৎপাদন এবং রপ্তানি আয় বাড়ানোর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পাশাপাশি সরকারি বাজেটের সঠিক, কার্যকর ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মৎস্য খাতের উন্নয়নকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ। তিনি মৎস্য খাতে বাজেট বরাদ্দের গুরুত্ব ও এর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাশ্রয়ী ব্যয়ে অধিক উৎপাদন ও আয় নিশ্চিত করতে হবে।
কর্মশালায় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।