বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:৫৪ পিএম
বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, ঠিকাদারদের সিন্ডিকেট এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি: সংগৃহীত
বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, ঠিকাদারদের সিন্ডিকেট এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট দল এ অভিযান চালায়।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেট এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি চালানো হয়। অভিযোগ যাচাই করতে এনসিটিবি থেকে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীসহ বিভিন্ন নথি সংগ্রহ করেছে দুদকের দল। এসব নথি বিস্তারিত যাচাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ঠিকাদারদের একটি অংশ এনসিটিবির প্রাক্কলিত দর আগেই জেনে যায়। পরে ওই দর বাড়ানোর দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে মুদ্রণশিল্পের ৭৫ জন মালিক প্রাক্কলিত দর বাড়ানোর আবেদন করেন। এনসিটিবির ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণী অনুযায়ী, তাদের আবেদনের পর দর পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়।
এবারের বই ছাপানোর প্রক্রিয়া শুরু হয় এনসিটিবির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটোয়ারীর সময়ে। শুরুতে বাজার যাচাই করে প্রাথমিক স্তরের বইয়ের জন্য প্রতি ফর্মা কাগজের দাপ্তরিক প্রাক্কলিত গড় দর ধরা হয়েছিল ৩ টাকা ২৬ পয়সা। মাধ্যমিক স্তরের জন্য তা ছিল ২ টাকা ৮৫ পয়সা। সরকারি ক্রয়ে প্রাক্কলিত দর সংশ্লিষ্ট সংস্থার কমিটির মাধ্যমে নির্ধারণ করা হয়। কোনো ঠিকাদার প্রাক্কলিত দরের চেয়ে ১০ শতাংশ বেশি দর দাখিল করলে তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। ফলে প্রাক্কলিত দর আগেই জানা ঠিকাদারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ঠিকাদাররা সরকারি কর্মকর্তাদের বড় অঙ্কের ঘুষ দিয়ে প্রাক্কলিত দর জানার ব্যবস্থা করেন।
এনসিটিবির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের বই ছাপানোর প্রতি ফর্মার গড় কার্যাদেশের দর ছিল ২ টাকা ৩১ পয়সা। ২০২৭ শিক্ষাবর্ষে তা বেড়ে হয়েছে ৩ টাকা ৩২ পয়সা। অর্থাৎ প্রতি ফর্মায় দর বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের বই ছাপাতে কাগজের পরিমাণ ধরা হয়েছে ২৫ লাখ রিম (এক হাজার ফর্মায় এক রিম)। হিসাব অনুযায়ী, কাগজের প্রাক্কলিত দর বাড়ানোর ফলে সরকারের ২৫০ কোটি টাকার বেশি অতিরিক্ত ব্যয় হতে পারে। প্রাথমিক স্তরেও প্রতি ফর্মার দর বেড়েছে। ২০২৬ সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণির বইয়ের প্রতি ফর্মার গড় কার্যাদেশের দর ছিল ৩ টাকা ৪৪ পয়সা। ২০২৭ সালে তা বেড়ে হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা।
সাবেক এমপি জয়ের বিরুদ্ধে মামলা : জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক বলছে, তানভির শাকিল জয়ের দায়দেনার পরিমাণ ১ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা। দায় বাদ দেওয়ার পর তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ৯০৬ টাকা। অন্যদিকে আয়কর নথি পর্যালোচনায় তার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৪ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৩২ টাকা। ওই সময়ে তার ব্যয় হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা। ফলে ব্যয় বাদে তার নিট আয় দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৫৭ টাকা।
দুদকের হিসাবে, নিট সম্পদ ও ব্যয় বাদে নিট আয়ের মধ্যে পার্থক্য ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকা। এই অর্থকে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।