প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৭:৩২ পিএম
ছবি: এআই
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন রোগী।
এ নিয়ে চলতি বছর (১ জানুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি) ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯০ হাজার ৩৫৬ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
একই সময়ে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৯৯৬ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৮৬১ জনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ২০৩ জন, রাজশাহীতে ১৯৯ জন, ময়মনসিংহে ৯৬ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত বিভাগওয়ারি হিসাবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১২৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনায় ৫৫ জন, চট্টগ্রামে ২৫ জন, বরিশালে ২৪ জন, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ১৯ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগেই চিকিৎসাধীন আছেন ২ হাজার ২৮৫ জন এবং খুলনায় ১ হাজার ২৬৩ জন।
এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২৯৯ জন রোগী।