কক্সবাজার থেকে হিমালয়
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৩০ পিএম
কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে নেপালের এভারেস্ট অঞ্চলের তিনটি সুউচ্চ পাস (গিরিপথ) অতিক্রম করে অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের তরুণ সাইক্লিস্ট বীর কুমার তঞ্চঙ্গ্যা। ছবি: বাসস
কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে নেপালের এভারেস্ট অঞ্চলের তিনটি সুউচ্চ পাস (গিরিপথ) অতিক্রম করে অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের তরুণ সাইক্লিস্ট বীর কুমার তঞ্চঙ্গ্যা।
‘সি টু হিমালয়াস-এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ শীর্ষক এই বিশেষ অভিযানে প্রথম বাংলাদেশি ও প্রথম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাইক্লিস্ট হিসেবে তিনি এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেঞ্জো লা পাসের চূড়ায় সাইকেল নিয়ে পৌঁছান।
বীর কুমারের বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে। জাতীয় সংবাদ সংস্থা বাসসকে তিনি জানান, অভিযানের সর্বশেষ ধাপে সোমবার নেপালের স্থানীয় সময় বিকেল ৪টা ২৬ মিনিটে ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার ‘রেঞ্জো লা পাস’ জয় করেন তিনি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর দুপুর ১টা ৫৩ মিনিটে ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার ‘কংমা লা পাস’ এবং ১ অক্টোবর দুপুর ১২টা ৩৩ মিনিটে ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার ‘চো লা পাস’ অতিক্রম করেন এই তরুণ।
এভারেস্ট অঞ্চলের এই তিনটি দুর্গম ও বরফাচ্ছন্ন গিরিপথ সাইকেলে পাড়ি দিতে গত ১৪ আগস্ট কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলেন বীর কুমার। সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে দীর্ঘ পথের নানা প্রতিকূলতা, উচ্চতাজনিত অসুস্থতা (অল্টিটিউড সিকনেস) এবং দুর্গম পাথুরে চড়াই-উতরাই পেরিয়ে তিনি একে একে তিন গিরিপথের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ান।
অভিযান সমাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বীর কুমার বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার পাশে থাকা প্রতিটি মানুষের। কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে হিমালয়ের তীব্র উচ্চতায় পৌঁছানো এবং তিনটি উচ্চতম পাস জয় করা অত্যন্ত গর্বের ও আনন্দের। পথটি একদমই সহজ ছিল না। তবে দেশের পতাকা আর মানুষের ভালোবাসাই আমাকে প্রতিটি কঠিন মুহূর্তে সাহস জুগিয়েছে।’
অভিযানের উদ্দেশ্য নিয়ে তিনি আরও বলেন, ‘আমার এই যাত্রার মূল লক্ষ্য কেবল কোনো রেকর্ড গড়া ছিল না; বরং সাইক্লিং ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের ইতিবাচক বার্তা দেওয়াই ছিল এই অভিযানের মূল প্রেরণা।’
কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি জনপদ থেকে উঠে এসে বীর কুমার তঞ্চঙ্গ্যার এই আন্তর্জাতিক অর্জনে তার এলাকায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, বীর কুমারের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ও সাইক্লিং কার্যক্রমে আরও অনুপ্রাণিত করবে।