ছবি: এআই দিয়ে তৈরি
সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৪ থেকে ১০ অক্টোবর দেশের ১৯টি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকছে। এর ফলে এসব ব্যাংকের গ্রাহকেরা এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস) পেমেন্ট, ই-কমার্স, কিউআর কোড পেমেন্ট এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতাধীন তহবিল স্থানান্তর ও কার্ড লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট ব্যাংকগুলোর কার্ড ও সংশ্লিষ্ট লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িকভাবে সেবা বিঘ্নিত হওয়া ১৯টি ব্যাংক হলো ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।
একই সময়ে ১৯ ব্যাংকের অনলাইন সেবা বন্ধ থাকা নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেই নিয়মিত কারিগরি রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডের কাজ করে থাকে।
তিনি বলেন, “প্রতিটি ব্যাংক নিজস্ব সিদ্ধান্তে আপগ্রেডের সময় নির্ধারণ করেছে। তবে কাকতালীয়ভাবে ১৯টি ব্যাংকের সিস্টেম আপগ্রেডের সময়সূচি একই সময়ে পড়েছে”।
গ্রাহকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংক আলোচনা করেছে বলেও জানান তিনি। পাশাপাশি আগাম বিজ্ঞপ্তি ও এসএমএসের মাধ্যমে গ্রাহকদের সেবা বিঘ্নের বিষয়টি জানানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে বন্ধ থাকা সেবাগুলো ধাপে ধাপে চালু করা হবে।
তবে ডিজিটাল সেবা বন্ধ থাকলেও ব্যাংকগুলোর নিজস্ব নির্দেশনা অনুযায়ী শাখার কাউন্টার থেকে সরাসরি লেনদেন চালু থাকবে।
ফলে গ্রাহকদের জরুরি লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও বিকল্প সেবার সুযোগ সম্পর্কে আগে থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।