× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হয়রানির কারণে কমেছে নিবন্ধন

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ০৮:৫৩ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগর আলিচর এলাকার মেয়ে সালমা বাস করেন মিরপুর ঝিলপাড় বস্তিতে। জাতীয় পরিচয়পত্রে তার নাম ‘সালমা’। এই নামেই তিনি পাসপোর্ট করেছেন, কিন্তু অনলাইন আবেদনে তার সন্তানের জন্মনিবন্ধন করাতে গিয়ে পড়েন বিপাকে। সেখানে তার নিজের জন্মনিবন্ধন নম্বর দিতে হবে। কিন্তু তার এক শব্দের নাম দিয়ে জন্মনিবন্ধন করা যাবে না। নামের সঙ্গে লাগবে দ্বিতীয় নাম ‘বেগম’ বা ‘আক্তার’ বা অন্য কিছু। নিজের পরিচয়পত্রে নাম ঠিক করাতে সালমাকে তার গ্রামের বাড়ি গিয়ে স্থানীয় অফিসে নানা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। সেখানেও পদে পদে হয়রানি। গার্মেন্টসকর্মী এই নারীর কাছে কাজ ফেলে এলাকায় গিয়ে এই কাজে সময় নষ্ট করা যেন ‘বিলাসিতা’। তাই নিজের জন্মনিবন্ধন আর করা হয়নি। ফলে সন্তানও বঞ্চিত নিবন্ধন থেকে। তবে এ নিবন্ধন ছাড়া নগরীর স্কুলগুলোতে সন্তানকে ভর্তি করানো যাবে না। সম্প্রতি ঢাকার মিরপুরের ঝিলপাড়, ট-ব্লক, চলন্তিকা, আরামবাগ বস্তি এলাকা ঘুরে এমন সমস্যা অধিকাংশের ক্ষেত্রেই মিলেছে।

ঝিলপাড় বস্তির বাসিন্দা নুসরাত বলেন, তার তিন সন্তানের বয়স যথাক্রমে পাঁচ, তিন ও এক বছর। তাদের কারোই জন্মনিবন্ধন করা হয়নি। কারণ নুসরাতের নিজের জন্মনিবন্ধন নেই। আব্দুল্লাহ আল বাসিতের বয়স চার বছর। বাবার নাম আব্দুল মান্নান, মায়ের নাম ময়না। তাদের নামের অসম্পূর্ণতার জন্য জন্মনিবন্ধন করতে পারেনি। নিবন্ধন করাতে গেলে দালাল তাদের কাছে ১ হাজার ৫০০ টাকা দাবি করে। এত টাকা দিয়ে নিবন্ধন করানো সম্ভব নয় বলে আব্দুল মান্নান আর ওই পথ মাড়াননি।

এমন প্রেক্ষাপটে ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার পালিত হচ্ছে জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ রাজধানীসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনাসভা ও বিশেষ জন্ম-মৃত্যুনিবন্ধন ক্যাম্পেইন। এসব কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সময়মতো সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যুনিবন্ধনের বিষয়ে সচেতন করা হবে।

এদিকে গত বছরের তুলনায় চলতি বছরের ছয় মাসে জন্ম ও মৃত্যুর নিবন্ধনের হার কমেছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে চিঠি পাঠিয়েছে। এ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ও পরবর্তী সময়ে প্রশাসনে রদবদলের কারণে জন্ম-মৃত্যুনিবন্ধনের হার কমে যেতে পারে। তবে জন্ম-মৃত্যু রেজিস্ট্রার জেনারেলের কার্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, লক্ষ্যমাত্রা পূরণে এগিয়ে থাকতে মাঠপর্যায়ে ভুয়া জন্ম-মৃত্যুনিবন্ধনও হচ্ছে। এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ায় নিবন্ধনের হার কমেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে জন্মের এক বছরের মধ্যে জন্মনিবন্ধনের হার ৬৩ শতাংশ ও মৃত্যু নিবন্ধনের হার ৫৯ শতাংশে উঠলেও চলতি বছরের প্রথম ছয় মাসে তা কমে যথাক্রমে ৪৩ ও ৫৬ শতাংশে নেমে এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি ডিসিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এসডিজি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিআরভিএস আঞ্চলিক কর্মপরিকল্পনার আওতায় বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে জন্ম-মৃত্যুর এক বছরের মধ্যে ১০০ শতাংশ জন্ম ও মৃত্যুনিবন্ধন সম্পন্ন করার আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা নিয়েছে। ২০২৫ সালে জন্ম-মৃত্যুর এক বছরের মধ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধনের হার যথাক্রমে ৬৩ ও ৫৯ শতাংশ অর্জিত হয়েছে। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার কমে যথাক্রমে ৪৩ ও ৫৬ শতাংশে নেমে এসেছে। নির্ধারিত আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম আরও জোরদার করা অপরিহার্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন, বিধি ও নির্দেশিকার আলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে চিঠিতে।

জন্ম-মৃত্যুনিবন্ধনের হার কমে যাওয়ার কারণ জানতে চাইলে জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০৩০ সালের মধ্যে এক বছরের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধনের লক্ষ্যমাত্রা রয়েছে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি লক্ষ্য। এই হার কমছে, কারণ আমরা ভুয়া নিবন্ধনের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। এই টার্গেট অর্জন করতে গিয়ে অনেক জায়গায় ভুয়া জন্মনিবন্ধন করা হয়। ভুয়া নিবন্ধনের কারণে কয়েকজনের চাকরি যাচ্ছে। এ কারণে নিবন্ধনের হার কমে গেছে।’চলতি বছরের প্রথম ছয় মাসে জন্মনিবন্ধনের হার গত বছরের তুলনায় কমেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর পেছনে ভুয়া নিবন্ধন বন্ধে নেওয়া পদক্ষেপও একটি কারণ। বাস্তব তথ্যের ভিত্তিতে নিবন্ধন নিশ্চিত করতে গিয়ে সংখ্যাগতভাবে নিবন্ধনের হার কিছুটা কম দেখা যাচ্ছে।’

জন্ম ও মৃত্যুনিবন্ধনের হার কমে যাওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (সিভিল রেজিস্ট্রেশন ও সামাজিক নিরাপত্তা অধিশাখা) মুর্শিদা শারমিন বলেন, ‘জন্ম ও মৃত্যুনিবন্ধনের হার কমে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে যে কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকায় কাজ করছিলেন, তিনি বদলি হয়ে গেছেন। পরে নতুন কর্মকর্তা দায়িত্ব নেওয়ায় আগের মতো কাজ না-ও হতে পারে। এ ধরনের কিছু সমস্যা থাকতে পারে। তবে ঠিক কী কারণে নিবন্ধনের হার কমেছে, সেটি আমরা এখনো পর্যালোচনা করছি, খতিয়ে দেখছি।’

বাংলাদেশে বর্তমানে প্রায় ৫০ শতাংশ জন্ম ও ৪৭ শতাংশ মৃত্যু নিবন্ধিত হচ্ছে বলে জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা। এ পরিস্থিতিতে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন, ২০০৪ সংস্কারের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটি বলছে, বিদ্যমান আইনের বিভিন্ন সীমাবদ্ধতা সঠিক ও সর্বজনীন নিবন্ধন নিশ্চিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে সর্বজনীন নিবন্ধন নিশ্চিত করার সরকারি লক্ষ্য অর্জনেও এসব সীমাবদ্ধতা বাধা সৃষ্টি করছে।

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘নাগরিকদের নির্ভুল ও সর্বজনীন তথ্য সংরক্ষণ সুশাসনের অন্যতম ভিত্তি। জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন সংস্কার করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে ২০৩০ সালের মধ্যে শতভাগ নিবন্ধনের লক্ষ্য অর্জন সহজ হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন এবং জাতীয় পরিচায়পত্র কার্যক্রম সহজীকরণ করার মৌখিক প্রতিশ্রুতি সরকারের ছিল। কিন্তু সেটা হয়নি। অনলাইনে জটিল প্রক্রিয়ায় কিংবা দালালদের বাড়তি টাকা দাবি করার কারণে জন্মনিবন্ধন করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। 

নগরজীবনে ভোগান্তি

নগরজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল জন্মনিবন্ধন সনদ হলেও এটি সংগ্রহ করতে গিয়ে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। বছরের পর বছর ধরে সার্ভার থেকে সনদ উধাও হয়ে যাওয়া কিংবা ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার মতো সমস্যায় জর্জরিত তারা। এই সংকট সমাধানে ঢাকার দুই সিটি করপোরেশনেরও কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরিতে নিয়োগ বা পাসপোর্ট তৈরি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই জন্মনিবন্ধন সনদ অপরিহার্য। কিন্তু এই প্রয়োজনীয় সনদটি পেতে গিয়েই নানা বিড়ম্বনার শিকার হতে হয় নাগরিকদের। ভুক্তভোগীরা জানান, এই হয়রানি তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

ভোগান্তির আরেকটি বড় কারণ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নামসংক্রান্ত জটিলতা। শুধু জন্মসনদই নয়, মৃত্যুসনদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই ভোগান্তি থেকে মুক্তি চায় নগরবাসী।

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম দাবি করেছেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ সম্পর্কিত জটিলতা কমাতে সিটি করপোরেশন কাজ করছে এবং এর ফলে সমস্যা কিছুটা কমে এসেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সঠিক ও নির্ভুল জন্ম ও মৃত্যুনিবন্ধন কেবল নাগরিক অধিকার সুরক্ষার ভিত্তিই নয়, বরং উন্নয়ন পরিকল্পনা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, ন্যায়সংগত বাজেট বণ্টন এবং রাষ্ট্রীয় সুশাসন নিশ্চিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা