আহমেদ তোফায়েল
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ০৮:২৩ এএম
ভোজ্য তেল। ছবি: সংগৃহীত
রমজান সামনে রেখে ভোজ্য তেলের বাজারে আবার সিন্ডিকেটের তৎপরতার অভিযোগ উঠেছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার মধ্যেই সর্বশেষ দাম সমন্বয়ের মাত্র ১৮ দিনের মাথায় আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন। ডিলার ও খুচরা ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, কোম্পানিগুলো চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করছে; আর রিফাইনাররা আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা বলে নতুন করে মূল্য সমন্বয়ের চাপ দিচ্ছে। ফলে রমজানের আগে সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর পুরনো কৌশল আবার ফিরে এসেছে কি না- তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আবার দাম সমন্বয়ের প্রস্তাব দেয়। সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বেড়ে যাওয়ায় বর্তমান দামে প্রতি লিটারে প্রায় ১৭ টাকা লোকসান হচ্ছে। তবে এই লোকসানের হিসাব স্বাধীনভাবে যাচাই হয়নি।
সরবরাহ কম, দাম বাড়ানোর চাপ
রিফাইনারদের নতুন প্রস্তাবের সময়েই বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। ঢাকাসহ কয়েকটি জেলার ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা আগের তুলনায় কম পরিমাণ তেল পাচ্ছেন।
সরবরাহকারীদের কেউ কেউ তাদের জানিয়েছেন, কোম্পানিগুলো নতুন করে দাম বাড়াতে চাইছে।
ঢাকার কয়েকটি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তুলনামূলক কম পাওয়া যাচ্ছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ী আলী হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রতিদিন প্রায় ১০ কার্টন তেল প্রয়োজন হলেও ডিলারের কাছ থেকে তিনি পেয়েছেন চার কার্টন। পল্লবীর ব্যবসায়ী নুরুল আলম সিকদারও প্রায় দুই সপ্তাহ ধরে চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ার কথা জানিয়েছেন।
রাজশাহীর সাহেব বাজারের ব্যবসায়ী আরিফ হোসেনের বক্তব্যও একই ধরনের। তার প্রয়োজনের তুলনায় সরবরাহ কমেছে বলে তিনি জানিয়েছেন। মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী আবুল হাশেমও কয়েকটি কোম্পানির সরবরাহ কম থাকার কথা বলেছেন।
ভোজ্য তেল আমদানি করে কারা
২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে টিকে গ্রুপ- প্রায় ১ লাখ ৪ হাজার টন। এরপর বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ৫৬ হাজার ১৭৯ টন, সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ ৩৬ হাজার ২৫০ টন, সিটি গ্রুপ ২৩ হাজার ৭৪৫ টন, আবুল খায়ের গ্রুপ ২২ হাজার ৫১৬ টন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রায় ১১ হাজার ৫০০ টন আমদানি করেছে।
পাম অয়েল আমদানিতেও কয়েকটি প্রতিষ্ঠান বড় ভূমিকা রাখে। একই সময়ে স্মাইল ফুড প্রোডাক্টস প্রায় ১ লাখ ৩৭ হাজার ৬০০ টন, মেঘনা গ্রুপ প্রায় ১ লাখ ৩২ হাজার ৯০০ টন ও টিকে গ্রুপ প্রায় ১ লাখ ১৮ হাজার ৫০০ টন পাম অয়েল আমদানি করেছে।
ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেট
ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেট বা যোগসাজশের অভিযোগ এবারই প্রথম নয়। ২০২৬ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ২০২২ সালের ভোজ্য তেল সংকট নিয়ে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। ভোজ্য তেলের উৎপাদন ও সরবরাহ সীমিত করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অন্য প্রতিষ্ঠান ও সরবরাহ আদেশধারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ফলে দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল।
দাম বাড়ানোর প্রস্তাব ভোজ্য তেলের দাম বাড়ানোর যুক্তি হিসেবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়া ও আমদানি ব্যয় বৃদ্ধিকে কারণ হিসেবে দেখানো হচ্ছে। রিফাইনারদের চিঠি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম প্রতি টন প্রায় ১ হাজার ৩২৫ ডলারে উঠেছে। আগের মূল্য সমন্বয়ের সময় তা ছিল প্রায় ১ হাজার ২৭০ ডলার। তাদের দাবি, এই বাড়তি ব্যয়ের কারণে বর্তমান দামে বিক্রি করে লোকসান হচ্ছে।
সরকার অবশ্য এখনও এই দাবি গ্রহণ করে নতুন দাম ঘোষণা করেনি।
সরকারের অবস্থান
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না। আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, ব্যবসায়ীদের প্রকৃত খরচ এবং দেশের বাজারে এর প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আমদানি-নির্ভর বাজারে সরবরাহের প্রশ্ন
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় ২৪ লাখ টন। এর প্রায় ৯০ শতাংশই আমদানি-নির্ভর। ফলে আন্তর্জাতিক বাজারের দামের পাশাপাশি আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার, ঋণপত্র খোলা এবং সরবরাহ ব্যবস্থার ওপর দেশের বাজারের দাম অনেকটাই নির্ভর করে।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে সয়াবিন তেল আমদানি হয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার টন। আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল প্রায় ৪ লাখ ৪৮ হাজার টন। অর্থাৎ চলতি বছরের ওই সময়ে সয়াবিন আমদানি প্রায় ৪২ শতাংশ কমেছে। অন্যদিকে একই সময়ে পাম তেল আমদানি হয়েছে প্রায় ৪ লাখ ৫৭ হাজার টন, যা আগের বছরের ৪ লাখ ৫৯ হাজার টনের কাছাকাছি।