× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধনের পথে সরকার

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২২:৫১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সংবিধান সংশোধন বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি সরকার ও বিরোধী দল। সবাইকে নিয়ে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ থাকলেও সরকার ও বিরোধী দলের পরস্পরবিরোধী অবস্থান এখন আরও সুস্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় সরকারি দল অনেকটা একতরফাভাবেই সংবিধান সংশোধন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনের বিষয়ে জনগণের মত নেওয়া হয়। ‘হ্যাঁ’ জয়ী হলে ত্রয়োদশ সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। তবে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থাকে। সে সময় দলটির মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ এবং আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি। তবে আমরা সংবিধান সংশোধন করতে চাই।’


উল্লেখ্য গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হলেও জামায়াতে ইসলামী, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনো সদস্যের নাম দেয়নি। বরং তারা কমিটি গঠনের দিন সংসদ থেকে ওয়াক আউট করে এবং কমিটির কার্যক্রমও প্রত্যাখ্যান করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ কমিটির বৈঠকেও ১১-দলীয় জোটভুক্ত কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি।


ইতোমধ্যে কমিটির পাঁচটি বৈঠকে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক প্রস্তাব, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আলোচনা হয়েছে। কমিটি রাজনৈতিক দল ছাড়াও সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ, নারী নেতৃত্ব, জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিদের মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে সবার সঙ্গে বৈঠক করবে বিশেষ কমিটি।


সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তারা চাইছেন না বিরোধী দলকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করতে। বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার পাশাপাশি তাদের বক্তব্য দেওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিরোধী দল কমিটিতে না এলেও তাদের বক্তব্য নেওয়া হবে। জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে।’


গত ২৯ সেপ্টেম্বর কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে অংশগ্রহণমূলক একটি সংশোধনী আনতে চায় সরকার। বিরোধী দল আলোচনায় এলে তাদের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের বিষয়গুলোও বিবেচনার সুযোগ রয়েছে।’


সরকারের এই বক্তব্যের অর্থ, বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে কমিটিতে না পেলেও তাদের মতামত সংগ্রহ করে প্রস্তাবিত সংশোধনীতে যুক্ত করার একটি পথ খোলা রাখা হচ্ছে। তবে এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে সেই প্রক্রিয়ায় আনুষ্ঠানিক অংশগ্রহণ দেখা যায়নি। বিরোধী দলগুলো বিশেষ কমিটিতে যোগ দেওয়ার সরকারি আহ্বান প্রত্যাখ্যান করে আসছে।


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সংবিধান সংশোধন নয়, বরং সংস্কার চায় ১১-দল। গণভোটে জনগণের অনুমোদিত সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে শুধু সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।’


সাবেক সংসদ সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও জানিয়েছেন, ১১-দলীয় জোট বিশেষ কমিটিতে কোনো প্রতিনিধি দেবে না। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘গণভোটে জনগণের অনুমোদিত প্রক্রিয়া অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই সংস্কারের কাজ করতে হবে। সংসদীয় বিশেষ কমিটি দিয়ে সংবিধানের কিছু ধারা সংশোধন করে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয়। এই অবস্থানের কারণেই বিরোধী দলগুলো পাঁচটি সদস্যপদে নাম দেয়নি এবং কমিটির কার্যক্রমে সরাসরি অংশ নেয়নি।’


সংবিধান সংশোধনের মতো মৌলিক রাষ্ট্রীয় বিষয়ে কোনো একটি দল বা জোটের একক উদ্যোগের পরিবর্তে সব রাজনৈতিক পক্ষকে আলোচনায় রাখার তাগিদ এসেছে সম্পাদক ও সাংবাদিকদের পক্ষ থেকেও। বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেছেন, সংবিধান কোনো একটি সরকারের বা একটি সংসদের বিষয় নয়; এটি রাষ্ট্রের মৌলিক কাঠামোর দলিল। তাই দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে এমন পরিবর্তন বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তি, গণমাধ্যম, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মতামত নিয়ে করা প্রয়োজন। এতে সংশোধন প্রক্রিয়া শুধু সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্ত না হয়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তি পেতে পারে।

 

সম্ভাব্য সংশোধন: বিশেষ কমিটির আলোচনার অন্যতম ভিত্তি জুলাই জাতীয় সনদের সাংবিধানিক প্রস্তাবগুলো। এর মধ্যে রয়েছেÑ দুই কক্ষবিশিষ্ট সংসদ ও ১০০ সদস্যের উচ্চকক্ষ, নির্বাচনে পাওয়া ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের নতুন পদ্ধতি, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের সুযোগ, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করা। জুলাই জাতীয় সনদে এসবসহ মোট ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের কথা বলা হয়েছে। কোন প্রস্তাব কীভাবে সংবিধানে যুক্ত হবেÑ তার সুপারিশ করবে বিশেষ কমিটি।

 

সংশোধন কবে: বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ডিসেম্বরের মধ্যে বিশেষ কমিটির প্রতিবেদন চূড়ান্ত করার লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে এ সম্পর্কিত বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপন করা হবে। এরপরেও সংবিধান সংশোধন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।’ এর মধ্যে রাজনৈতিক সমঝোতা তৈরি না হলে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক পরিবর্তন বাস্তবায়নের পরবর্তী ধাপেও এই বিভাজন নিয়েই এগোতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা