প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২১:৫৯ পিএম
দুর্গা প্রতিমা। ছবি: সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এই ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সব সরকারি অফিস খোলা থাকবে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের সরকারি ছুটির তারিখ পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি কার্যকর থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা টানা পাঁচ দিন (২০ থেকে ২৪ অক্টোবর) ছুটির সুযোগ পাবেন। এই ছুটির কারণে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই বৈঠকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।