× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকে বাইরে রেখে টেকসই গণতন্ত্র সম্ভব নয়: সিইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২১:১৪ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাইরে রেখে গণতন্ত্রকে সুসংহত ও টেকসই করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেন, শুধু ভোটার হিসেবে নয়, জনপ্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত ‘ড্রাফট জেন্ডার ইকুয়ালিটি স্ট্রাটেজি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, গণতন্ত্রকে বিশ্বাসযোগ্য ও টেকসই করতে চাইলে দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

তবে শুধু নির্বাচন কমিশনের উদ্যোগে এ পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন সিইসি। তার মতে, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সব অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন ও বিধিমালা থাকলেও বাস্তবে নারীর অংশগ্রহণ কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোর অন্যতম কারণ সংশ্লিষ্টদের যথেষ্ট প্রতিশ্রুতির অভাব।

এ এম এম নাসির উদ্দিন বলেন, পরিবর্তন সহজে আসে না। এজন্য প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। বাংলাদেশের সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবেচনায় রেখে নারীর অংশগ্রহণ বাড়ানোর কৌশল নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি। 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ স্থানীয় পর্যায়ের প্রার্থীদের সঙ্গে ভোটারদের সরাসরি যোগাযোগ থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতিও বেশি হবে বলে মনে করেন তিনি। তবে স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। 

সিইসি বলেন, একদিকে নারী ভোটারের সংখ্যা অনেক, অন্যদিকে নারী প্রার্থী কম—এটি গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠাকুরগাঁওয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। 

কর্মশালায় ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জেন্ডার সমতা নিশ্চিত করতে নারী ভোটারের নিবন্ধন সহজ করতে হবে। পাশাপাশি নারী ভোটার ও প্রার্থীদের হয়রানি বন্ধ এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।

ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। স্থানীয় সরকারে সংরক্ষিত পদে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা জাতীয় রাজনীতিতেও যেতে পারেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা