× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাসন নীতি বাস্তবায়নে এক দশকেও নেই কার্যকর কর্মপরিকল্পনা: আইপিডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:২০ পিএম

আবাসন নীতি বাস্তবায়নে এক দশকেও নেই কার্যকর কর্মপরিকল্পনা: আইপিডি

সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে জাতীয় আবাসন নীতি প্রণয়ন করা হলেও প্রায় এক দশকেও তা বাস্তবায়নে কার্যকর কর্মপরিকল্পনা নেওয়া হয়নি।

ফলে দেশের নগর এলাকায়, বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের আবাসন সংকট ক্রমেই তীব্র হচ্ছে।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

আইপিডির নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান সোমবার গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।

আইপিডি বলেছে, আবাসনকে শুধু বাজার ও বেসরকারি খাতের ওপর ছেড়ে না দিয়ে জাতীয় আবাসন নীতি কার্যকর করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে আবাসনকে সরকারের রাজনৈতিক অগ্রাধিকারে আনতে হবে।

প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের আবাসন সংকট শুধু ঢাকার নয়; এটি জাতীয় নগর ও স্থানিক পরিকল্পনারও সংকট। আবাসন বাজারনির্ভর হয়ে পড়ায় নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

অন্যদিকে বিভাগীয় ও জেলা শহরসহ অধিকাংশ পৌর এলাকায় পরিকল্পিত আবাসন কাঠামো গড়ে না ওঠায় কৃষিজমি, জলাভূমি ও প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করে অপরিকল্পিত আবাসন সম্প্রসারণ হচ্ছে। এতে জলাবদ্ধতা, যানজট ও নাগরিক সেবার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও মনে করছে আইপিডি।

ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্প ও কর্মসংস্থানকেন্দ্রিক শহরে বিপুল শ্রমজীবী মানুষ প্রাতিষ্ঠানিক আবাসনের সুযোগ না পেয়ে বস্তি ও অনানুষ্ঠানিক বসতিতে থাকছেন বলেও উল্লেখ করা হয় বিবেৃতিতে।

আইপিডি বলছে, বিকল্প ব্যবস্থা ছাড়া বস্তি উচ্ছেদ করে এ সংকটের সমাধান হবে না। নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের জোগান বাড়াতে হবে।

এ জন্য সরকারি-বেসরকারি যেকোনো আবাসন প্রকল্পে কমপক্ষে ১০ থেকে ১৫ শতাংশ জমি অথবা নির্মিত ফ্ল্যাট নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে আইপিডি।

পাশাপাশি বস্তি এলাকায় অন-সাইট উন্নয়ন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সরকারি জমি ও নীতিগত সহায়তায় পাবলিক-প্রাইভেট-কমিউনিটি পার্টনারশিপে সাশ্রয়ী আবাসন গড়ার সুপারিশ করা হয়েছে।

ঢাকাকেন্দ্রিক চাপ কমাতে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা, ‘জাতীয় সাশ্রয়ী আবাসন তহবিল’ গঠন এবং নিম্নআয়ের মানুষের জন্য কম সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করারও সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি শিল্পাঞ্চল ও বড় শহরে শ্রমিকদের জন্য ভাড়াভিত্তিক সামাজিক আবাসন নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন ও পৌরসভায় নগর পরিকল্পনাবিদ নিয়োগ, জলাভূমি ও কৃষিজমি রক্ষা এবং পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার কথাও বলেছে আইপিডি।

প্রতিষ্ঠানটির মতে, জাতীয় আবাসন নীতি ২০১৬ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমেই বড় শহর থেকে প্রান্তিক পৌরসভা পর্যন্ত সুষম নাগরিক সুবিধা ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা