প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৩৬ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬০ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন আরও ১ হাজার ২৯৬ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে সর্বোচ্চ ৪৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া সিলেট বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ৬ জন শনাক্ত হয়েছেন। বাকি বিভাগগুলোতে এ সময়ে নতুন কোনো নিশ্চিত রোগী পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে ১ জন মারা গেছেন। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২১ হাজার ৮০৮ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিত করা গেছে।
১৫ মার্চ থেকে অদ্যাবধি সারা দেশে হামে নিশ্চিতভাবে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৫ জন, বরিশালে ১৯ জন ও চট্টগ্রামে ১০ জনের মৃত্যু হয়। অন্যদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ২৬ জন; যার মধ্যে সর্বোচ্চ ৪৬৬ জনই ঢাকা বিভাগের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৩৪ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন।