জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪২ এএম
গাজীপুর সাফারি পার্কের ছোট একটি কক্ষে দীর্ঘ ৯ বছর ধরে কাটছে দুই লেপার্ডের (চিতাবাঘ) জীবন। জন্মের পর থেকে শিকার ধরা ও গাছে ওঠার কথা থাকলেও দুই লেপার্ডের জীবন ভিন্ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জন্মের পর তাদের কোয়ারেন্টিনে থাকার কথা ছিল মাত্র তিন সপ্তাহ। কিন্তু সেই তিন সপ্তাহ যেন শেষ হয়নি। গাজীপুর সাফারি পার্কের ছোট একটি কক্ষে দীর্ঘ ৯ বছর ধরে কাটছে দুই লেপার্ডের (চিতাবাঘ) জীবন। জন্মের পর থেকে শিকার ধরা ও গাছে ওঠার কথা থাকলেও দুই লেপার্ডের জীবন ভিন্ন।
দর্শনার্থীদের চোখের আড়ালেই কেটেছে তাদের বেড়ে ওঠা ও জীবনের বড় একটি সময়। অবশেষে এবার সেই লেপার্ড পরিবারের বন্দিদশা থেকে মুক্তি মিলছে। ৬৭ লাখ টাকা ব্যয়ে তাদের জন্য তৈরি হচ্ছে আলাদা বেষ্টনী।
গতকাল রবিবার গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ২০২৪ সালে সাফারি পার্কের অত্যাবশ্যকীয় ব্যবস্থাপনা প্রকল্প চালু হয়। ওই প্রকল্পেই লেপার্ডের জন্য আলাদা বেষ্টনীর বিষয়টি রাখা হয়েছিল। ২০২৬-২৭ অর্থবছরে বেষ্টনীটি নির্মাণের জন্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
তিনি বলেন, বেষ্টনীতে লেপার্ডের স্বাভাবিক চলাফেরা ও গাছে ওঠার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। ক্লাইম্বিংয়ের জন্য ন্যাচারাল গাছপালা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেটা সম্ভব না হলে কৃত্রিম গাছের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পানির সুবিধা ও নাইট শেল্টার থাকবে।
বেষ্টনীটি সাফারি পার্কের কোন এলাকায় নির্মাণ করা হবে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই চলছে জানিয়ে তারেক রহমান বলেন, জায়গা চূড়ান্ত হওয়ার পর সেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাফারি পার্ক সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে দুটি লেপার্ড ও দুটি সিংহশাবক উদ্ধার করে পুলিশ। পরে চারটি শাবককে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হয়। উদ্ধারের সময় লেপার্ড দুটির বয়স ছিল দেড় মাস।
বন্য প্রাণী ব্যবস্থাপনার নিয়ম অনুযায়ী, চারটি শাবককে প্রথমে কোয়ারেন্টিন শেডে রাখা হয়। সাধারণত তিন সপ্তাহের পর্যবেক্ষণ শেষে তাদের পরবর্তী ব্যবস্থাপনার কথা থাকলেও সিংহশাবক দুটিকে পরে সাফারি পার্কে স্থানান্তর করা হলেও লেপার্ড দুটিকে আর আলাদা বেষ্টনীতে নেওয়া হয়নি। এরপর হাসপাতাল এলাকার ছোট ওই ঘরই হয়ে ওঠে তাদের আবাস। লোহার গ্রিলের ভেতরেই বেড়ে উঠেছে দুটি লেপার্ড। তাদের বয়স প্রায় ৯ বছর। অর্থাৎ জীবনের প্রায় পুরোটা সময়ই তাদের কেটেছে মানুষের ব্যবস্থাপনায় স্বাভাবিক বন্য পরিবেশের বাইরে।