× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব শিক্ষক দিবস আজ

সুযোগ-সুবিধা বেড়েছে, মর্যাদা বেড়েছে কি

হাসনাত শাহীন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ০৯:৩২ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ০৯:৫১ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষক কেবল একজন পেশাজীবী নন, শিক্ষকতাও শুধু একটি পেশা নয়। শিক্ষকতার মধ্যে দিয়ে শিক্ষক বিকশিত করেন সমাজে মূল্যবোধ ও সৃজনযজ্ঞ। অনেক চড়াই-উতরাইয়ের কারণে শিক্ষকদের অবস্থানে অনেক পরিবর্তন ঘটার পরও এখনও তাই শিক্ষককে আর দশজন মানুষের চেয়ে আলাদা চোখে দেখা হয়। এমন এক সময় ছিল, যখন অর্থের বিচারে শিক্ষক হয়তো ছিলেন স্বল্পবিত্তের মানুষ, কিন্তু সামাজিক মর্যাদায় ছিলেন অনন্য, সামাজিক বিরোধ মীমাংসায়ও ছিল তার মুখ্য ভূমিকা। এখন সময় বদলেছে। শিক্ষকদের বেতন-ভাতা বেড়েছে। এমপিওভুক্তির পরিসর বিস্তৃত হয়েছে। উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা বেড়েছে। অবসর ও কল্যাণ সুবিধার জটও ধীরে ধীরে কমছে। প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানের বিকাশের কারণে তার সামাজিক গুরুত্ব আর আগের অবস্থানে নেই। আবার রাজনৈতিক ডামাডোলের কারণেও শিক্ষককে এখন অনেক সময় লাঞ্ছিত হতে হচ্ছে।

এই বাস্তবতার মধ্যেই আজ সোমবার সারা বিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’। এবার এ দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকদের পাশে থাকুন : পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গঠন।’ দিবসটি উপলক্ষে প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দিতে চলেছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আজ নির্বাচিত শিক্ষকদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও এক লাখ টাকা করে তুলে দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয়ভাবে শিক্ষককে সম্মান জানানোর এই উদ্যোগের পরিসর নিঃসন্দেহে বড়। কিন্তু মঞ্চের সম্মাননার বাইরে প্রতিদিনের কর্মক্ষেত্রে শিক্ষক কতটা নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারছেনÑ তা এক বড় প্রশ্ন।

বাড়ছে আর্থিক নিরাপত্তা

স্বাধীনতার পর বাংলাদেশের শিক্ষকদের জীবন অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল না। ১৯৭৪ সালের বাংলাদেশ শিক্ষা কমিশনের প্রতিবেদনে বেসরকারি শিক্ষকদের কম ও অনিয়মিত বেতনের চিত্র রয়েছে। যোগ্য মানুষকে শিক্ষকতায় ধরে রাখতে তার অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলা হয় সেই প্রতিবেদনে। 

তবে সেই চিত্র এখন অনেকটাই বদলেছে। গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা সচিব আবদুল খালেক জানিয়েছেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের নতুন বেতনকাঠামোর সুবিধা পেতে আলাদা কোনো প্রজ্ঞাপনের প্রয়োজন হবে না। পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পরিবর্তন এসেছে অবসর ও কল্যাণ সুবিধার ক্ষেত্রেও। ইতোমধ্যে সরকার ৭০ হাজার ১৯ জন শিক্ষকের অবসর সুবিধা এবং ৫৩ হাজার শিক্ষকের কল্যাণ সুবিধার অর্থ দিয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত সেপ্টেম্বরে প্রায় ৪৪ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এসব আবেদন নিষ্পত্তিতে আরও প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা প্রয়োজন বলে জানানো হয়েছে। কিন্তু নিরাপত্তা তো শুধু বেতন-ভাতা বা অবসর সুবিধায় সীমাবদ্ধ নয়। কর্মস্থলে নিরাপত্তা, ন্যায়সংগত জবাবদিহি, পেশাগত স্বাধীনতা এবং সামাজিক সম্মানও তার অংশ। পর্যবেক্ষকদের মতে, সে ক্ষেত্রে পরিস্থিতির অবনতি ঘটেছে।

৫ আগস্টের পর অনাকাঙ্ক্ষিত ক্ষত

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের জোর করে পদত্যাগ করানো, হয়রানি, অপমান এবং কর্মস্থলে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা সামনে এসেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বহু শিক্ষক হয়রানি, হামলা ও কর্মস্থল হারানোর শিকার হয়েছেন। তার সংগঠনের হিসাব অনুযায়ী, বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই হাজারের বেশি শিক্ষককে সরিয়ে দেওয়া বা পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটেছে। তবে এটি সরকারি চূড়ান্ত পরিসংখ্যান নয়।

নেকবর হোসেনের দাবি, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা প্রায় ৩৩ বছর ধরে এমপিওর বাইরে রয়েছেন। তাদের এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন আন্দোলন হয়েছে। যোগ্য নন-এমপিও শিক্ষক-কর্মচারীদেরও তিনি দ্রুত এমপিওভুক্তির দাবি জানান। তিনি বলেন, শিক্ষক অন্যায় করলে জবাবদিহির বাইরে থাকবেনÑ এমনটি নয়। তবে শিক্ষককে হেনস্তা, শারীরিকভাবে আক্রমণ কিংবা সামাজিক মাধ্যমে অপদস্থ করার বদলে প্রয়োজন অভিযোগ-অনিয়ম তদন্তের নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া।

রাজনীতিকরণে ক্ষতবিক্ষত শিক্ষক সমাজ

শিক্ষকদের মর্যাদা সংকটের সঙ্গে শিক্ষাঙ্গনের রাজনীতিকরণের সম্পর্ক সামনে এসেছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ-অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে শিক্ষকদের একটি অংশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা তৈরি হয়েছে। ক্ষমতার পালাবদলে এর প্রতিক্রিয়াও পড়ছে শিক্ষাঙ্গনে। তিনি বলেন, ‘শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সততাই হতে হবে নিয়োগের প্রধান মানদণ্ড। শিক্ষক রাজনৈতিকভাবে সচেতন হতে পারেন, সরকারের সমালোচনাও করতে পারেন; কিন্তু অন্ধ দলীয় আনুগত্য ও চাটুকারিতা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।’

উপযুক্ত কর্মপরিবেশ চাই

বিশ্ব শিক্ষক দিবস পালনের ঘোষণা আসে ১৯৯৪ সালে ইউনেস্কোর সিদ্ধান্তে। এর আগে ১৯৬৬ সালে আইএলও-ইউনেস্কোর শিক্ষকের মর্যাদাসংক্রান্ত সুপারিশে শিক্ষকদের অধিকার, দায়িত্ব ও পেশাগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক কাঠামোর কথা বলা হয়েছিল। এ বছর সেই সুপারিশের ৬০ বছর পূর্তি। 

বাংলাদেশে এবার ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা দেওয়ার উদ্যোগ দিবসটির প্রতিপাদ্যের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত। তবে একজন শিক্ষককে সম্মান করার সবচেয়ে বড় উপায় শুধু মঞ্চে ক্রেস্ট তুলে দেওয়া নয়। এমন কর্মপরিবেশ তৈরি করা, যেখানে তিনি ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে শ্রেণিকক্ষে দাঁড়াতে পারেন; অভিযোগ এলে অপমান নয়, ন্যায়সংগত তদন্তের মুখোমুখি হন; রাজনৈতিক আনুগত্য নয়, যোগ্যতা ও পেশাগত সততার ভিত্তিতে মূল্যায়িত হন। শিক্ষাবিদ ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তেমন পরিস্থিতি যত দ্রুত সৃষ্টি হবে, শিক্ষকরাও তত দ্রুত আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে আগের মতো জাতির মেরুদণ্ড শিক্ষার বিস্তারে ভূমিকা রাখবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা