× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমু-শাজাহান খানসহ ‘হেভিওয়েট’ নেতাদের ফরমাল চার্জ শিগগিরই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:৪৯ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে শিগগিরই ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। রবিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মামলার আসামিরা হলেনÑ সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউটর তামিম বলেন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, ফারুক খান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ আটক কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। চিফ প্রসিকিউটরের অনুমোদন সাপেক্ষে তাদের বিরুদ্ধে শিগগির আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

তিনি জানান, ২০২৪ সালের ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আইন সংশোধন করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এরই মধ্যে দুটি ট্রাইব্যুনালে সাতটি মামলার রায় হয়েছে। আরও বেশকিছু মামলা বিচারাধীন রয়েছে।

এই প্রসিকিউটর বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দেওয়া হয়। এরপর অভিযোগ প্রমাণে সাক্ষীর সাক্ষ্য, নথিপত্র ও ডিজিটাল তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। সবশেষে অপরাধের মাত্রা ও প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল সাজা নির্ধারণ করেন।

জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলায় পলাতক আসামিদের আগে এবং আটক আসামিদের পরে বিচার করা হচ্ছে— এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, আসামি পলাতক না আটক, এটি বিচার বা সাজা দেওয়ার ক্ষেত্রে কোনো বিবেচ্য বিষয় নয়। তদন্তে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয় এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালই আসামির সাজা নির্ধারণ করেন।

প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় কিছু সাংবাদিক তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচার করেছেনÑ এমন তথ্য-প্রমাণ তদন্তে পাওয়া গেছে। তবে সব সাংবাদিককে আসামি করা হয়নি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরই বিচারের আওতায় আনা হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আরও দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই দুজন নিজেরাও ঘটনার ভুক্তভোগী। তারা আন্দোলনকারীদের ওপর গুলি চালানো ও হতাহতের ঘটনা সম্পর্কে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

এই দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলাটিতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলায় তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলেরা এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনাল-২-এ যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের একটি অংশের বিচার প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম। তিনি বলেন, পুরো ঘটনাকে চারটি ভাগে বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও এক মাস সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুরে ২০২৪ সালের ২০ জুলাই তিন শিক্ষার্থী নিহত হওয়ার মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। দুটি ফরমাল চার্জ একত্র করে একসঙ্গে বিচারেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালকে গ্রেপ্তার না করার পেছনে কোনো চাপ রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে হাজির করার দায়িত্ব সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার।

অন্যদিকে জিয়াউল হাসানের মামলায় তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় সাক্ষ্য উপস্থাপনের জন্য প্রসিকিউশন আরও দুদিনের সময় নিয়েছে। এরপর তদন্তকারী কর্মকর্তার বাকি সাক্ষ্য উপস্থাপন করা হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়ানোর জন্য চলতি সপ্তাহেই আপিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে, প্রসিকিউশন মনে করছে তা যথেষ্ট নয়। তাই সাজা বাড়ানোর জন্য চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

এর আগে গত ৩০ জুনের রায়ে ট্রাইব্যুনাল ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুটি চার্জে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। তবে প্রসিকিউশন মনে করছে, মামলার অভিযোগ ও প্রমাণের তুলনায় এই সাজা আরও বেশি হওয়া উচিত ছিল। সেই কারণে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাজা বৃদ্ধির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা