ঢাকা শহর। ফাইল ছবি
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় নগণ্য হলেও এর অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও খরার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বসতভিটা ও জীবিকা হারিয়ে তাদের বড় একটি অংশ আশ্রয় ও কাজের সন্ধানে রাজধানী ঢাকায় আসছে। এতে আগে থেকেই জনসংখ্যার চাপে থাকা ঢাকার আবাসন, পরিবহন, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি, জলাবদ্ধতা ও দূষণের কারণে বসবাসের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রাজধানী।
গত ৮ জুলাই বিশ্বের ১৭৩টি বসবাসের অনুপযোগী শহরের তালিকা প্রকাশ করে প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। তালিকায় বিশ্বের সবচেয়ে বসবাসের অনুপযোগী শহরের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল রাজধানী। গত ৯ জুলাই পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার নাম থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। এ নিয়ে অবশ্যই গুরুত্ব দিয়ে চিন্তা করা জরুরি।
বিশ্বব্যাংকের কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারে। অন্যদিকে বিভিন্ন গবেষণায় প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার মানুষের ঢাকায় আসার তথ্য উঠে এসেছে। তাদের উল্লেখযোগ্য অংশ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের কারণে নিজ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। বর্তমানে দুই কোটির বেশি মানুষের বসবাসের এই মহানগরীতে নতুন করে জনসংখ্যার চাপ বাড়ায় সংকট আরও জটিল হচ্ছে।
২০২৪ সালে প্রকাশিত এশিয়া-প্যাসিফিক জার্নাল অব অ্যাটমসফেরিক সায়েন্সেসে প্রকাশিত এক গবেষণায় ১৯৯৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা ও মাদারীপুরের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ২৫ বছরে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা প্রতি দশকে ০.২৫ ডিগ্রি সেলসিয়াস হারে বেড়েছে। বিপরীতে মাদারীপুরে বৃদ্ধির হার ছিল প্রতি দশকে মাত্র ০.০৫ ডিগ্রি সেলসিয়াস।
গবেষণায় ঢাকায় নগর তাপের গড় তীব্রতা পাওয়া গেছে ০.৪৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আশপাশের গ্রামীণ এলাকার তুলনায় নগরের তাপমাত্রা বেশি। নগরের তাপের তীব্রতা বৃদ্ধির হার প্রতি দশকে ০.২১ ডিগ্রি সেলসিয়াস বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।
২০২৬ সালে প্রকাশিত আরেকটি গবেষণায় ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকার তাপঝুঁকির পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। উপগ্রহচিত্র, ভূমির তাপমাত্রা, সবুজের পরিমাণ ও নগরায়ণের তথ্য ব্যবহার করে করা ওই গবেষণায় দেখা যায়, ঢাকায় উচ্চ তাপঝুঁকিপূর্ণ এলাকার পরিমাণ ২০১৬ সালে ছিল মাত্র ৩ বর্গকিলোমিটার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ বর্গকিলোমিটারে। অর্থাৎ আট বছরের ব্যবধানে উচ্চ তাপঝুঁকিপূর্ণ এলাকার বিস্তার বেড়েছে প্রায় ৪১ গুণ। গবেষণায় নগরীর ঘনবসতিপূর্ণ ও কংক্রিটে আচ্ছাদিত এলাকাগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়; সারা দেশেই বাড়ছে তাপপ্রবাহের ঝুঁকি। বিশ্বব্যাংকের ২০২৫ সালের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৮০ সালের পর থেকে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। একই সময়ে অনুভূত তাপমাত্রা বেড়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপসূচক বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে ৬৫ শতাংশ বেশি। ২০২৪ সালে তীব্র গরমের কারণে বাংলাদেশে প্রায় আড়াই কোটি কর্মদিবস নষ্ট হয়েছে এবং অর্থনীতির ক্ষতি হয়েছে আনুমানিক ১৭৮ কোটি ডলার, যা জিডিপির প্রায় ০.৪ শতাংশ।
২০২৫ সালের এক বিশ্লেষণে বিশ্বব্যাংকের জলবায়ু তথ্য ব্যবহার করে দেখা গেছে, ২০০০ সালে বাংলাদেশে বছরে প্রায় ৪৬ দিন অনুভূত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১২০ দিনে। অর্থাৎ দুই দশকে এ ধরনের দিন বেড়েছে প্রায় ১৬৩ শতাংশ। ২০২৪ সালে তাপপ্রবাহ দেশের ৬৪ জেলার মধ্যে ৫১টিতে ছড়িয়ে পড়েছিল। এ পরিস্থিতি নগরীর নিম্ন আয়ের মানুষের জন্য আরও বিপজ্জনক। তাদের বড় অংশকে খোলা জায়গায় কিংবা পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেইÑ এমন ঘরে বসবাস ও কাজ করতে হয়।
ঢাকার তাপঝুঁকি বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট, গাছপালা কমে যাওয়া এবং কংক্রিটের স্থাপনা বৃদ্ধিও বড় ভূমিকা রাখছে। ২০২৬ সালের মার্চে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ঢাকায় উড়াল মেট্রোরেল অবকাঠামো নির্মাণের ফলে সংশ্লিষ্ট কিছু এলাকায় ভূমিপৃষ্ঠের তাপমাত্রা ৩ থেকে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। বাস্তুচ্যুত মানুষের বড় অংশের ঠাঁই হচ্ছে রাজধানীর বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায়। সেখানে নিরাপদ পানি, পর্যাপ্ত শৌচাগার, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। ফলে পানিবাহিত রোগ, শ্বাসকষ্ট ও তাপজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে। পর্যাপ্ত আয় ও সামাজিক সুরক্ষার অভাবে অনেক পরিবার খাদ্য, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। শিশুদের একটি অংশ ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছে কিংবা শিক্ষা থেকে ঝরে পড়ছে।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা বলেন, শহরগুলোকে অভিবাসীবান্ধব হতে হবে। শুধু আবাসন নয়, তাদের জন্য পানি, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে। জলবায়ু অভিবাসীদের জন্য নগর পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।
এ লক্ষ্যে মোংলা, পটুয়াখালী, কুয়াকাটা ও বোরহানউদ্দিনের মতো কয়েকটি পৌরসভায় ‘জলবায়ু-সহনশীল অভিবাসীবান্ধব শহর’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কেন্দ্রের গবেষণা কর্মকর্তা মুনিয়া তাহসিন জানান, প্রকল্পের আওতায় বন্যা-প্রতিরোধী আবাসন ও উন্নত ড্রেনেজব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ব্র্যাকের নগর উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী শাহরিয়ার মোহাম্মদ ফরহাদ জানান, এ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১৩ হাজার নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছে।