ফাইল ছবি
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের পাশাপাশি মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটি।
একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং দীর্ঘমেয়াদে রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।
জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে রবিবার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ ও নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় রেল পরিদর্শন অধিদপ্তর ও কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) কার্যক্রম এবং সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর অগ্রগতি তুলে ধরা হয়।
রেলওয়ের আয় বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজ বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিটি। বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানোর পাশাপাশি রেলখাতকে লাভজনক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ডিজিটাল সেবা, নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বাড়ানোর উদ্যোগ এবং ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়। এ ছাড়া প্রস্তাবিত পঞ্চগড়-কক্সবাজার রেলপথের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।