সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক
বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২১:৪৪ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ২১:৪৪ পিএম
ফাইল ছবি
সংবিধান সংশোধনে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব ও প্রাতিষ্ঠানিক অংশীদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিকশ্রেণির প্রতিনিধিরা। এ ছাড়া ক্ষুদ্র জাতিসত্তা-নৃগোষ্ঠীর প্রতিনিধিরা সংবিধানে তাদের স্বীকৃতি দাবি করেছেন।
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠকে শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র জাতিসত্তা-নৃগোষ্ঠীর প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। বৈঠকে উত্থাপিত প্রস্তাব ও পরে লিখিতভাবে দেওয়া সুপারিশ কমিটির প্রতিবেদনে উল্লেখ থাকবে বলে তাদেরকে আশ্বস্ত করেছে কমিটি।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, কমিটির সদস্য সাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ ও মাধবী মারমা।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা যেসব প্রস্তাব পেশ করেছেন, তার পাশাপাশি যদি কারও কাছে অতিরিক্ত কোনো লিখিত প্রস্তাব থাকে, তবে তা কমিটির কাছে পাঠানো যাবে। উত্থাপিত ও লিখিতভাবে প্রাপ্ত সমস্ত প্রস্তাবই কমিটি কর্তৃক চূড়ান্তভাবে প্রস্তুতকৃত প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ থাকবে।
বৈঠকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) দেওয়া লিখিত প্রস্তাবে অর্থনীতির শ্রমশক্তির পাশাপাশি রাষ্ট্র ও সমাজের একটি মৌলিক সামাজিক শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের পরিচয়, অধিকার, মর্যাদা ও রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের প্রশ্নও আলোচনায় এসেছে। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় এসব জনগোষ্ঠীর মতামত কতটা প্রতিফলিত হবে, তা নিয়ে এখন আগ্রহ তৈরি হয়েছে।
সংবিধান সংশোধনের এই পুরো প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পরবর্তী বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানো হবে।